শিশু রাকিব হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার শিশু রাকিব (১২) হত্যা মামলায় শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। আজ রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয় রাকিবের পিতা মামলার বাদী নুরুল আলমের। প্রথম দিনে বেলা একটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সাতজন সাক্ষ্য দেন।

তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৫ অক্টোবর টানা পাঁচদিন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা।

বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণের শুরুতে বাদী পুরো ঘটনার বর্ণনা করে আদালতে জবানবন্দি দেন। আজ সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামীকাল আরও আটজনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের পর মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আদালতে হাজির করে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। শুনানি শেষে মামলার তিন আসামি শরিফ মোটরসের মালিক মো. শরিফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়।

এর আগে ২২ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালত রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নেয়। ২৫ আগস্ট রাকিব হত্যাকাণ্ডের ২২ দিনের মাথায় খুলনা মহানগর হাকিম আদালতে তিনজনকে অভিযুক্ত করে এবং ৪০ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক কাজী মোস্তাক আহম্মদ। অভিযোগপত্র নিয়ে বাদীর কোনো আপত্তি না থাকায় ওই দিন খুলনা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কাজের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন।

এজাহারভুক্ত এই তিন আসামিই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই তিনজনই বর্তমানে কারাবন্দী।

পায়ুপথে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসর মেশিনের পাইপ ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে ৩ আগস্ট বিকেলে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরের টুটপাড়া কবরখানার পাশের মোটরসাইকেল গ্যারেজ শরিফ মোটরসের মালিক শরিফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।