শিশু রাকিব হত্যার অভিযোগ আমলে নিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ অক্টোবর তারিখ ধার্য করেছেন।

গত ২৫ আগস্ট খুলনার মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমেদের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহম্মদ। এতে মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগমকে আসামি করা হয়। তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ৬ সেপ্টেম্বর মহানগর হাকিম ফারুক ইকবাল অভিযোগপত্রটি গ্রহণ করেন। এরপর তিনি মহানগর দায়রা জজ আদালতে বিচারিক কাজের নির্দেশ দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর (আজ) পরবর্তী শুনানির আদেশ দেন। এরই ধারাবাহিকতায় অভিযোগপত্রটি আজ মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে আদালত তা আমলে নেন। একই সঙ্গে আদালত অভিযোগপত্রে নাম থাকা তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৩ আগস্ট নগরের টুটপাড়া কবরখানার পাশের শরীফ মোটরসে মোটরসাইকেলের হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্যারেজের মালিক মো. শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে পিটুনি দিয়ে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা। ঘটনার পরদিন তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা হয়।