শিশু রাকিব হত্যার বিচার শুরু
খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচারকাজ শুরু হলো।
আজ সোমবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এই অভিযোগ গঠন করেন। পরে আদালত ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ধরে এই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের জন্য আজ শুনানির ধার্য দিন ছিল। শুনানি শেষে তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
অভিযুক্ত তিন আসামি হলেন শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তাঁর সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগম। আজ তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, এই মামলার অভিযোগপত্র গত ২৫ আগস্ট আদালতে দাখিল করা হয়। ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
গত ৩ আগস্ট নগরের টুটপাড়া কবরখানার পাশের শরীফ মোটরসে মোটরসাইকেলের হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্যারেজের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগমকে পিটুনি দিয়ে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা। ঘটনার পরদিন তিনজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা হয়। অভিযুক্ত তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন..
অভিযোগপত্র গৃহীত
অভিযোগপত্র দাখিল