শিশু রাকিব হত্যার সুষ্ঠু বিচারের দাবি
দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাহায্য সংস্থা খুলনার শিশু রাকিবের শরীরে কমপ্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে পৈশাচিকভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল বুধবার প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন ও বিবৃতির মাধ্যমে এসব সংগঠন দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।
দেশের আটটি জাতীয় দৈনিকের তথ্য উদ্ধৃত করে সাহায্য সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জানিয়েছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০১ জন শিশুকে হত্যা করা হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ৭০ জন শিশু।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু গতকাল এক যৌথ বিবৃতিতে মধ্যযুগীয় কায়দায় এ ধরনের বর্বর এবং অমানবিক হত্যায় ক্ষোভ ও নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, রাষ্ট্র ও সমাজ জীবনের দীর্ঘদিনের সন্ত্রাসের চর্চা ও বিচারহীনতার সংস্কৃতিই এর অন্যতম কারণ।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাম্প্রতিক শিশুহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেটের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার এক মাস না পেরোতেই খুলনায় রাকিব হত্যার ঘটনায় সারা দেশে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি শিশুর প্রতি নির্মম নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, রাজন, রাকিবসহ হত্যার শিকার হওয়া শিশুদের জীবনের মূল্যকে কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। তারপরও তাদের বাবা-মা যেন ক্ষতিপূরণ পান, সেটি নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচার করতে হবে। শুধু মানসিকভাবে বিকারগ্রস্তদের পক্ষেই শিশুদের প্রতি নৃশংস আচরণ করা সম্ভব। নিষ্ঠুরতা ও পৈশাচিকতার মূল কারণগুলো বের করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। সেই সঙ্গে আইনের সুষ্ঠু প্রয়োগ হতে পারে এ সমস্যার সমাধান।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে ৬৩ জন শিশু যৌন হয়রানি, ৩২২ জন শিশু ধর্ষণ, ১৩ শিশু অ্যাসিড-সন্ত্রাস ও ৭৩ জন শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ওই বছর ১০৮ জন শিশুকে হত্যা করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন এক বিবৃতিতে অনতিবিলম্বে শিশুদের ওপর সব ধরনের অত্যাচার বন্ধ এবং রাকিব হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।