শিশু রাকিবের পরিবার পেল খাসজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনে নিহত শিশু রাকিবের পরিবারকে ১৫ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ রাকিবের মায়ের হাতে বন্দোবস্তকৃত এ জমির দলিল তুলে দেন। রাকিবের মা-বাবা ও বোন খুলনায় একটি ভাড়া বাসায় থাকেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারিভাবে রাকিবের পরিবারের জন্য বাড়ি করার উপযুক্ত ১৫ শতক খাসজমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। বরাদ্দকৃত জমিটি খুলনার বটিয়াঘাটা উপজেলাসংলগ্ন ২ নম্বর রাজবাঁধ মৌজায় অবস্থিত।
এ বিষয়ে রাকিবের বাবা নূরুল আলম প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমাদের অনেক বড় উপকার হলো। ছেলেটাকে তো আর ফিরে পাব না, মেয়েটাকে নিয়ে অন্তত ওই জায়গায় একটা ঘর বানিয়ে থাকতে পারব।’ জমির দলিল প্রদানের সময় খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. কামরুজ্জামান, বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল এবং রাকিবের বাবা নূরুল আলম ও বোন রিমি উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে কমপ্রেসর মেশিনের পাইপ রাকিবের (১২) পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন রাকিবের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন।