শিশু রিনা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটে শিশু রিনার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে শিশু ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
শতাধিক শিশুর অংশগ্রহণে এ কর্মসূচিতে বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা শিশু ফোরামের সভাপতি মিজানুর রহমান, সানিয়াজান ইউনিয়ন শিশু ফোরামের সাধারণ সম্পাদক বিজয় আহমেদ, উপজেলা শিশু ফোরামের সদস্য আরিফা, লাকী প্রমুখ। মানববন্ধন শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের কাছে শিশু ফোরামের পক্ষে মিজানুর রহমান স্মারকলিপি দেন।
গত শনিবার হাতীবান্ধা থানায় নিহত শিশুর পালিত বাবা জলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের মা-হারা রিনা আক্তার (১৩) নামের শিশুটি গত ৮ মে সন্ধ্যার পর নিখোঁজ হয়। পরদিন ৯ মে শনিবার সকালে গ্রামের একটি ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ১০ মে প্রথম আলোয় এ ব্যাপারে একটি সংবাদ প্রকাশিত হয়।