
শয্যা ও মেঝেতে শিশু রোগীর গাদাগাদি। কারও নাকে পাইপ, হাতে লাগানো স্যালাইনের নল। কেউ হাত-পা ছুড়ছে, কেউ অনবরত কেঁদেই চলছে। স্যালাইন বা ইনজেকশন দিতে ব্যস্ত নার্সের পাশেই দাঁড়িয়ে উদ্বিগ্ন অভিভাবক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের এমন চিত্র গত বুধবারের।
হাসপাতালের কয়েকজন চিকিৎসক বলেন, মৌসুমি আবহাওয়া পরিবর্তনের শুরু থেকেই শিশু রোগীর চাপ বেড়ে চলেছে। এত রোগীকে সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, শিশু ওয়ার্ডের ভেতরে ও বারান্দায় চিকিৎসাধীন শিশুদের স্বজনদের ভিড়। ১০০ শয্যার এই হাসপাতালে শিশু ওয়ার্ডে দুটি কেবিন ও ১৩টি শয্যা রয়েছে। আলাদা কোনো কক্ষ না থাকায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের একই ওয়ার্ডের পশ্চিম পাশে রাখা হয়েছে।
এ সময় ওয়ার্ডের কর্তব্যরত জ্যেষ্ঠ নার্স লতিফা খাতুন বলেন, হাসপাতালে ১৩ শয্যার বিপরীতে ৪৫ শিশু ভর্তি রয়েছে। ভর্তি রোগীর বেশির ভাগই ডায়রিয়া, নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত।
আলমডাঙ্গা উপজেলার জহুরুল নগরের খাদিজা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত তাঁর ২৮ দিন বয়সী ছেলে শাহীনকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। কিন্তু তাঁর ছেলের জন্য তিনি কোনো শয্যা পাননি।
সদর উপজেলার নেহালপুর গ্রামের হালিমা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত এক বছর বয়সী আল ফাহিমকে নিয়ে এসেছেন।
তিনি বলেন, পাঁচ দিন ধরে শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত। এত দিন বাইরে চিকিৎসা করিয়ে উন্নতি না হওয়ায় গতকাল সকালে হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসাধীন রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে এসেও বেশির ভাগ ওষুধ বাইরে থেকেই কিনতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক ও নার্স বলেন, শিশুদের জন্য প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতির কিছুই নেই এই হাসপাতালে। পাঁচ বছর আগে শিশু ওয়ার্ডে একটি ইনকিউবেটর দেওয়া হলেও তা প্রথম থেকেই অচল। শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে নেবুলাইজার দিয়ে প্রাথমিক কাজ সারা হয়। বেশি সমস্যা হলে রোগীকে জেলার বাইরের হাসপাতালে নিতে বলা হয়। কিন্তু সামর্থ্য না থাকায় গরিব রোগীরা এখানে রেখেই চিকিৎসা করাতে চান।
হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান বলেন, বুধবার শিশু ওয়ার্ড ছাড়াও বহির্বিভাগে তিনি শতাধিক রোগী দেখেছেন। আরেক শিশু বিশেষজ্ঞ আসাদুর রহমান মালিকও বহির্বিভাগে প্রায় সমানসংখ্যক রোগী দেখেছেন। যাদের বেশির ভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। তিনি বলেন, অভিভাবকেরা একটু সচেতন হলেই এসব রোগে আক্রান্তের সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা বলেন, প্রতিবছরের মতো এবারও মৌসুমি রোগ দেখা দিয়েছে। হাসপাতাল থেকে সাধ্য অনুযায়ী ওষুধ, পথ্য ও সেবা দেওয়া হচ্ছে।