সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে গতকাল সোমবার ওক শিশু, এক শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ১৮৮ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ১৮০১।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
কিশোরগঞ্জের হোসেনপুরের নারায়ণ দহর এলাকার নুরের দোকানের সামনে টমটমের চাপায় মো. তাহসিন মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার পুমদী গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, মা ও নানির সঙ্গে অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই টমটম শিশুটিকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের নিজামপুর তেঁতুলতলা নামক স্থানে বেলা তিনটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক রাশেদ আলী (৩৫) নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইছাহাক আলীর ছেলে।
মাদারীপুরের রাজৈর উপজেলার বৈলগ্রামে দুপুরে বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত হন সুরুচি রানী মণ্ডল (৪৪)। তিনি টেকেরহাট গার্লস স্কুলের শিক্ষক ছিলেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বলেন, ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে অসা একটি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা সড়কের মোল্লাবাড়ি এলাকায় দুপুরে দুর্ঘটনায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. মোশারফ (৩০) মিয়া। তিনি উপজেলার গোবরদি গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে। তাঁর মৃধাবাড়িগামী ইজিবাইকটিকে পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।