শিশু শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানাতে গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, গতকাল বেলা ১১টায় কাঠফাটা রোদে তীব্র গরমে চার শতাধিক ছাত্রছাত্রী মোকামতলা বাজারে বগুড়া-রংপুর মহাসড়কে ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। তারা যাতে এদিক-ওদিক না হতে পারে, সে জন্য কড়া পাহারায় দাঁড়িয়ে ছিলেন তাদেরই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। মোকামতলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাশমী রাফসানজানি জানায়, শিক্ষকেরা তাদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তাগাদা দেওয়ায় তারা রাস্তায় গিয়ে দাঁড়ায়। কর্মসূচি শেষে তাদের মিষ্টি খাওয়ানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোকামতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে গণসংযোগ করেন। এতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২ অক্টোবর রাতে প্রতিপক্ষের লোকজন প্রধান শিক্ষককে মারধর করে। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদ করতেই মোকামতলা উচ্চবিদ্যালয়, মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষকেরা যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।উপজেলার ভাগকোলা গ্রামের অভিভাবক শাহ আলম (৪৩) বলেন, ‘শিক্ষকেরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমাদের শিশুসন্তানদের ব্যবহার করছেন।’প্রধান শিক্ষক আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকবার তাঁর মুঠোফোনে চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষক মোমিনুল ইসলাম জানান, শুধু নির্বাচন নয়, বিদ্যালয়ের বিষয় নিয়েও প্রধান শিক্ষককে মারধর করা হয়। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ক্লাস ফাঁকি দেওয়া হয়নি। শুধু মানববন্ধনের সময় এক ঘণ্টা ক্লাস হয়নি।মোকামতলা দাখিল মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম জানান, কী কারণে প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে, তা তাঁর জানা নেই। তবে একজন শিক্ষক হেনস্তা হওয়ায় তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়েছে।শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ক্লাস বন্ধ করে মানববন্ধন করানো সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।