শিশু শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুরে তিন বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবদুল কুদ্দুস (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তিলকপুর ইউনিয়নের এক গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানার পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে ওই গ্রামের এক শিশু সকালে বাড়ির সামনে খেলা করছিল। বৃদ্ধ আবদুল কুদ্দুস সেখান থেকে শিশুটিকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান। এ সময় বৃদ্ধের বাড়িতে কেউ ছিলেন না। বৃদ্ধ একটি ঘরে আটকে শ্লীলতাহানি করেছে বলে শিশুর মা-বাবা থানায় এসে মামলা করেন। পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় বৃদ্ধকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গতকাল সন্ধ্যা সাতটায় থানায় গিয়ে দেখা যায়, শিশুটিকে সঙ্গে নিয়ে তার মা-বাবা থানায় বসে আছেন। শিশুটির মা বলেন, ‘বৃদ্ধ আবদুল কুদ্দুস আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। তখন বাড়ির সামনে আমার চাচিশাশুড়ি বসে ছিলেন। তিনি আমাকে ঘটনাটি জানান। আমি বৃদ্ধের বাড়িতে গিয়ে দেখি একটি ঘরের দরজা-জানালা বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকির পর বৃদ্ধ ঘরের ভেতর থেকে আমাকে বলেন, তোমার মেয়ে আমার বাড়িতে আসেনি। তখন তাঁকে ঘরের দরজা খুলতে বললে তিনি ঘরের দরজা খুলে দেন। আমি ঘরের ভেতর ঢুকে চৌকির নিচে আমার মেয়েকে খুঁজে পাই।’ শিশুটি তাঁকে বলেছে, বৃদ্ধ ওর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। ভয় দেখিয়ে তাকে খাটের নিচে বসে থাকতে বাধ্য করেন।
মেয়েটির বাবা বলেন, ‘একটু পরে গেলেই আমার মেয়েটির সর্বনাশ করত। এর আগেও বৃদ্ধ আবদুল কুদ্দুস একই ধরনের ঘটনা ঘটিয়েছে।’
থানা-হাজতে থাকা আবদুল কুদ্দুস বলেন, ‘আমি মেয়েটিকে ডেকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। কিছু পরেই মেয়ের মা গিয়ে তাকে নিয়ে যায়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুকে শ্লীলতাহানির মামলায় বৃদ্ধ আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে।