শিশু সদনের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় সরকারি অর্থায়নে নির্মিত ছাবেরা খাতুন ইসলামিয়া শিশু সদনের দুটি পাঁচতলা ভবন নির্মাণে দরপত্রের নকশা মানা হয়নি। অথচ নিয়ম লঙ্ঘন করে ভবন হস্তান্তরের আগেই ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ—এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, নিয়ম অনুযায়ী ঠিকাদার, প্রকল্প পরিচালক, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও শিশু সদন কর্তৃপক্ষ যৌথ রেজুলেশনের মাধ্যমে ভবন হস্তান্তরের পরই ঠিকাদারের পুরো বিল পরিশোধ করার কথা। তবে তিনি দাবি করেন, ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়নি।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) রংপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আট কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা ব্যয়ে দুটি পাঁচতলা ডরমেটরি এবং একটি চারতলা স্কুল কাম প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে ২০১১ সালের ৪ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। তিনটি বিভাগে এ প্রকল্পের তিনজন ঠিকাদারের মধ্যে আলাদাভাবে দুটি ভবন নির্মাণের কাজ পায় গাইবান্ধার সাইদুর রহমান ও রাজশাহীর আলম কনস্ট্রাকশন।

দরপত্র অনুযায়ী প্রতি তলায় ১০৫ ফুট পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য ও ৫২ ফুট ছয় ইঞ্চি প্রস্থের পাঁচতলা দুটি ডরমেটরি ভবন নির্মাণ করার কথা। কিন্তু ভবন হস্তান্তরের সঙ্গে দেওয়া কাগজপত্রে দেখা যায় ভবনটি দৈর্ঘ্যে সাত ফুট ও প্রস্থে পাঁচ ফুট ১০ ইঞ্চি কম নির্মাণ করা হয়েছে।

এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, দরপত্র অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে ভবন দুটি হস্তান্তর করার কথা থাকলেও কাজে অনিয়মের অভিযোগ ওঠায় যথাসময়ে তা শেষ করা সম্ভব হয়নি। ভবন হস্তান্তরের নথিতে দেখা যায়, ঠিকাদারেরা গত বছরের ১৯ ডিসেম্বর এলজিইডির কাছে ভবন দুটি হস্তান্তর করে। ওই মাসেই ঠিকাদারের বিল পরিশোধ করা হয়। এলজিইডি চলতি বছরের ১৪ মে সমাজসেবা কার্যালয়কে এবং সমাজসেবা কার্যালয় শিশু সদন কর্তৃপক্ষকে ১৩ মে ভবন দুটি হস্তান্তর করেছে। নির্বাহী প্রকৌশলীর কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হস্তান্তরের তারিখে গরমিল হয়ে গেছে।

শিশু সদন সূত্রে জানা যায়, দুস্থ-এতিম শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র মোছা. ছাবেরা খাতুন ইসলামিয়া শিশু সদন ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব ও এই প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে গত বছরের ১০ জুলাই প্রকল্প পরিচালক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর ঘটনাটি তদন্তের আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি কমিটির প্রধান এলজিইডি রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুজ্জান গত বছরের ১৭ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর দুই দফা তদন্ত করেন। কিন্তু এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

আরেকটি তদন্ত দলের প্রধান এলজিইডি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আনোয়ার উদ্দিন এ ব্যাপারে তদন্ত করলেও প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।

প্রকল্প পরিচালক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্রটিপূর্ণ এ ভবন নির্মাণের দায়দায়িত্ব এলজিইডির। আর যেহেতু ভবন নির্মাণ হয়ে গেছে, সে কারণে প্রকল্প পরিচালক হিসেবে ভবনটি ট্রাস্টি বোর্ডের সদস্যসচিবকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন শিগগির পাঠানো হবে।

ঠিকাদার সাইদুর রহমান ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অনেক আগেই তো ভবন হস্তান্তর করে দিয়েছি।’ অপর ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

আমজাদ হোসেন বলেন, দরপত্রের নকশা অনুযায়ী ভবন নির্মিত হয়নি। এর পরও বাধ্য হয়ে তা বুঝে নিতে হয়েছে।