‘আন্তর্জাতিক শিশু সপ্তাহ ২০১২’ উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেমিনার, শোভাযাত্রা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল সকালে শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শুরু হয় ‘প্রমোটিং চাইল্ড রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। সেমিনারে নৃবিজ্ঞান বিভাগের পাশাপাশি যৌথ পৃষ্ঠপোষকতা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইনসিডিন বাংলাদেশ। ‘শিশু অধিকার কাগজে আছে, কাজে নেই’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহামঞ্চদ মনযুর-উল-হায়দার। নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভাগের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, হালিমা আক্তার, আ ফ ম জাকারিয়া, মণি পাল, ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক মুশফিকুর রহমান প্রমুখ। শিশু সপ্তাহ উপলক্ষে গতকাল দুপুরে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিকেলে বিতর্ক প্রতিযোগিতা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচি শেষ হয়।