শিশু সাঈদ হত্যা মামলার রায় কাল
সিলেটে শিশু আবু সাঈদকে (৯) অপহরণ করে হত্যা মামলার রায় আগামীকাল সোমবার। আজ রোববার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক আবদুর রশিদ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
আলোচিত এ মামলার ১৯ নভেম্বর থেকে টানা ছয় কার্যদিবস সাক্ষ্য গ্রহণ এবং আজ যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।
মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী বাদী পক্ষের আইনজীবী আনসারুজ্জামান প্রথম আলোকে জানান, ১ ডিসেম্বর থেকে এক মাসের ছুটি। এ কারণে আদালত দ্রুত মামলা নিষ্পত্তি করতে ছয় কার্য দিবসে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন। আজ যুক্তিতর্ক শেষ হলে পরদিন (আগামীকাল) সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। কাল বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণা হবে।
গত ১১ মার্চ নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার তিন দিন পর ১৪ মার্চ নগরের ঝরনারপাড় এলাকায় কনস্টেবল (বর্তমানে বরখাস্ত) এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় এবাদুরকে। লাশ উদ্ধারের পরপরই পুলিশকে দেওয়া এবাদুরের স্বীকারোক্তির ভিত্তিতে ওই রাতেই জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘সোর্স’ হিসেবে পরিচিত গেদা মিয়াকে আটক করে পুলিশ।
এবাদুরের বাড়ি সিলেটের জকিগঞ্জে। ২০১০ সাল থেকে তিনি মহানগর পুলিশে কর্মরত ছিলেন। সর্বশেষ ছিলেন বিমানবন্দর থানায়। সাঈদের পরিবারের সঙ্গে এবাদুর পূর্বপরিচিত ছিলেন।
পরদিন এ ঘটনায় সাঈদের বাবা মতিন মিয়ার দায়ের করা মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং এবাদুরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুম পলাতক ছিলেন।
হত্যার ঘটনায় প্রায় ছয় মাস পর গত ২৩ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। তাঁদের মধ্যে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ওরফে পুতুলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ৮ নভেম্বর আদালত থেকে পলাতক মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১০ নভেম্বর মাসুম আদালতে আত্মসমর্পণ করেন। ১৭ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার-প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন: