শিশু সাঈদ হত্যায় হাইকোর্টে তিন আসামির মৃত্যুদণ্ড বহাল
সিলেটের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ে তাঁদের মৃত্যুদণ্ড হয়েছিল।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন। আসামিদের আপিল খারিজ ও মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করে রায় দেওয়া হয়।
তিন আসামি হলেন বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ওরফে পুতুল, সিলেট জেলা ওলামা লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান ওরফে গেদা।
আদালতে আসামি এবাদুরের পক্ষে আইনজীবী শিশির মনির, রাকিবের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ ও আতাউরের পক্ষে ছিলেন আইনজীবী মো. সিদ্দিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
রায়ের পর এবাদুরের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
আইনজীবী সূত্রের তথ্যমতে, ২০১৫ সালের ১১ মার্চ সিলেট নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ (৯) অপহৃত হয়। অপহরণের তিন দিন পর ১৪ মার্চ পুলিশ কনস্টেবল এবাদুরের বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় করা মামলায় একই বছরের ২৩ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত চার আসামি হলেন এবাদুর, রাকিব, আতাউর ও ওলামা লীগ নেতা মাহিব হোসেন ওরফে মাসুম।
এই মামলায় একই বছরের ৩০ নভেম্বর রায় দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে মাসুমকে খালাস দিয়ে অপর তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এরপর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও আপিল করেন। এসবের ওপর একসঙ্গে শুনানি শেষে আজ রায় দেওয়া হলো।