শিশু সাকিবের সততা
শিশু সাকিব (১১) গতকাল বৃহস্পতিবার ভোলার দৌলতখান শহরে আনমনে ঘোরাঘুরির সময় কুড়িয়ে পায় ১২ হাজার টাকা। জেলের ছেলে হলেও সাকিব এ টাকা নিয়ে বাড়ি যায়নি। ঘণ্টার পর ঘণ্টা খুঁজে প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দিয়েই তবে ঘরে ফিরেছে। সাকিবের এ সততায় সবাই মুগ্ধ। কয়েকজন বলেন, ‘এরাই বাংলাদেশের ভবিষ্যৎ!’
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, সাকিবের বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে। বাবা আবুল কালাম জেলে। এ বছর সাকিব দৌলতখান মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সে দৌলতখান পশু হাসপাতাল সড়কে ১২ হাজার টাকা কুড়িয়ে পায়। এ টাকা মালিকের হাতে তুলে দিতে সে অস্থির হয়ে ওঠে। দুই ঘণ্টা ধরে সে শহরে টাকার মালিককে খোঁজে। পথে যাকেই পেয়েছে তাকেই জিজ্ঞাসা করেছে, তার টাকা হারিয়েছে কি না। একপর্যায়ে টাকার মালিককে না পেয়ে শহরের চৌরাস্তায় বসে সাকিব হাউমাউ করে কাঁদতে শুরু করে। লোক জমায়েত হয়ে তার কান্নার কারণ জানতে চায়। তখন সাকিব ঘটনা সবাইকে খুলে বলে। পরে উপস্থিত জনতার সহায়তায় টাকার মালিক রিকশাচালক দম্পতিকে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রিকশাচালক মো. বিল্লাল হোসেনের (৩৮) স্ত্রী ইয়াসমিন (৩২) একটি বেসরকারি সংস্থা থেকে গতকাল সকালে ওই টাকা ঋণ হিসেবে নেন। পরে ইয়াসমিন টাকাগুলো স্বামীকে দেন রিকশা কেনার জন্য। তাঁদের বাড়িও সৈয়দপুর ইউনিয়নে। বিল্লাল টাকাগুলো কোমরে লুঙ্গিতে গুঁজে রেখেছিলেন। রিকশা চালানোর সময় সকালে কোনো এক সময় পশু হাসপাতাল এলাকায় টাকাগুলো পড়ে যায়। টাকা ফেরত পেয়ে শিশু সাকিবকে মন খুলে দোয়া করেন তাঁরা। আবেগাপ্লুত হয়ে বলেন, সাকিব তাঁদের স্বপ্ন ফেরত দিয়েছে।
সাকিব বলে, ‘আমি যদি প্রকৃত মালিককে টাকাটা ফেরত দিতে না পারতাম, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করতেন না। আর আমি সারা জীবন অশান্তিতে থাকতাম।’
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিশুটির সততায় সবার মতো আমিও মুগ্ধ। এরাই ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে পুরস্কৃত করব।’