শিশু সাগর ও রবিনের জামিন

মাদক মামলায় হাতকড়া পরিয়ে সাগর শেখ (১২) ও রবিন আলী (১৬) নামের যে দুই শিশুকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার পৃথক দুটি আদালত এই জামিন মঞ্জুর করেন।
সাগরের জামিন দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এবং রবিনের জামিন দিয়েছেন শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন।
শিশু দুটির আইনজীবীরা বলেছেন, জামিনের আদেশ কারাগারে পৌঁছালেই তারা মুক্তি পাবে। যদি আগামীকাল তা পোঁছায়, তাহলে কালই মুক্তি পাবে।
গত ১২ আগস্ট কাফরুল থানার পৃথক দুটি মাদক মামলায় শিশু সাগর ও রবিনকে গ্রেপ্তার করে কাফরুল থানা-পুলিশ। ১৩ আগস্ট শিশু সাগরের এক দিনের রিমান্ডও মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এ নিয়ে গত ৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘শিশু রিমান্ডে, হাতে হাতকড়া’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সাগরের আইনজীবী তৌফিক ফাহমী প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের কাছে উপস্থাপন করি। আদালত সবকিছু বিবেচনা করে তার জামিন দিয়েছেন।’ সাগরের ভাই সুমন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই নিরপরাধ। আদালত জামিন দিয়েছেন। আমি অনেক খুশি।’
রবিনের আইনজীবী আবদুল আওয়াল বলেন, ‘একাধিকবার রবিনের জামিন আবেদন নাকচ হয়েছে। তবে আজ শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিনের জামিন দিয়েছেন।’ রবিনের মা আকলিমা বলেন, ‘রবিনের জামিন হয়েছে। আমি তাতেই খুশি। আমার ছেলে নিরপরাধ।
আরও পড়ুন..