শিশু সাগর হত্যা : আদালতে তিন শিশুর দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক সাগর বর্মণ (১০) হত্যার ঘটনায় গ্রেপ্তার সহকর্মী তিন শিশু হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ শুক্রবার বিকেলে তারা নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদের আদালতে এ জবানবন্দি দেয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, জবানবন্দি শেষে ওই তিন শিশুকে টঙ্গীর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ তিন শিশু ছাড়াও অপর সহকর্মী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছে।
গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল মিলে মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মণকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সাগর বর্মণের বাবা রতন বর্মণ বাদী হয়ে কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা ও জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা সৈয়দ আজাহার ইমাম সোহেল এবং সন্দেহভাজন হিসেবে লাইনম্যান সোহাগ হোসেন ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। নাজমুল পুলিশের কাছে সাত দিনের রিমান্ডে আছেন। আর গতকাল বৃহস্পতিবার উপজেলার দীঘি বরাব এলাকায় অভিযান চালিয়ে নিহত সাগর বর্মণের তিন শিশু সহকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।