শিশু সাগর হত্যার ঘটনা মধ্যযুগীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলে শিশু সাগর বর্মণের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অমানবিক ও মধ্যযুগীয়। লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন। আইএলও কনভেনশন অনুযায়ী সাগরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রর্থীন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক ধীমান সাহা, জেলা উদীচীর সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, রূপগঞ্জের ওই প্রতিষ্ঠানে সাগরের সঙ্গে যা ঘটেছে, তা চরম বেদনাদায়ক। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে যেখানে বসবাস করত, তা বসবাসের অনুপযোগী। তারপরও বাঁচার তাগিদে ওই পরিবেশেই তারা বসবাস করতে বাধ্য হয়। এই পরিবারটির প্রকৃত পেশা ছিল মৎস্যজীবিকা। ওই জীবিকা ঠিকমতো করতে না পেরে তারা রূপগঞ্জে চলে আসে। তিনি বলেন, খুলনায় ১২ বছরের শিশু রাকিবের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিন মাসের মধ্যে সরকার অপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক সাজা দিয়েছে। সাগরের ব্যাপারেও সরকারের দৃষ্টিভঙ্গি একই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইএলও কনভেনশন অনুযায়ী, ক্ষতিপূরণের ক্ষেত্রে একজন মানুষ ৬০ বছর পর্যন্ত কাজ করলে যে পরিমাণ উপার্জন করতেন, সেই পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে দেওয়ার দাবি জানান তিনি। এর পরিমাণ ৩০ লাখ টাকার কম নয়।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, রূপগঞ্জের জোবেদা টেক্সটাইলের মালিক মোজাম্মেল হক লায়ন পদবি ধারণ করে দানবীর পরিচিতি নিয়ে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। দাসপ্রথা এখনো চালু রেখেছেন। সাগরকে যেভাবে হত্যা করা হয়েছে, হিটলারও এভাবে মানুষ হত্যা করেননি।
এর আগে সৈয়দ আবুল মকসুদ ও পঙ্কজ ভট্টাচার্য রূপগঞ্জের যাত্রামুঢ়ায় জোবেদা টেক্সটাইল মিল পরিদর্শন এবং পাশের দীঘরদী গ্রামে শিশু সাগর বর্মণের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত রোববার দুপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যা করা হয়।