শিশু সাগর হত্যায় একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানার শিশুশ্রমিক সাগর বর্মণকে (১০) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় ওই কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ সোমবার বিকেলে নাজমুল হুদাকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমাম ওই আবেদনের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ওই কারখানার কর্মকর্তা নাজমুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিহত সাগরের বাবা রতন বর্মণ (৭০) বাদী হয়ে গতকাল রোববার রাতে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, ব্যবস্থাপক (উৎপাদন) হারুনুর রশিদ, জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজহার ইমাম ওরফে সোহেল, সহকারী উৎপাদন ব্যবস্থাপক রাশেদুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা পলাতক।

রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলে গতকাল দুপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যা করা হয়। সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত বলে তার বাবা জানিয়েছেন।

এদিকে সাগর বর্মণকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। আজ দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।