শিশু সাবিনার নির্যাতনকারী এখনো গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সাবিনাকে নির্যাতনকারী মামলার আসামি আয়েশা লতিফকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাবিনার চিকিৎসা চলছে।

গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন পল্লবী থানায় এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসিফ ইকবাল। তিনি
প্রথম আলোকে বলেন, মামলার আসামি এখন পর্যন্ত পলাতক।

সাবিনার বয়স ১১ বছর। ডিম পোচ করতে গিয়ে ডিমের কুসুম ছড়িয়ে যায়। এ কারণে সাবিনার বুকে ও হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেন আয়েশা লতিফ। রুটি বানানোর বেলুন দিয়ে পেটান। আঘাতে কালো হয়ে ফুলে প্রায় বন্ধ সাবিনার দুই চোখ। মাথা, গলা, পিঠ, ঊরুসহ সারা শরীরেও নতুন-পুরোনো অসংখ্য দাগ।

পল্লবী থানা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এবং সাবিনাকে উদ্ধারকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সাবিনা এ কথা জানিয়েছে।

গত সোমবার সকালে সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ‘উন্নত চিকিৎসা’র জন্য সিএমএইচে ভর্তি করা হয়।