শিশু সামিউল হত্যার অভিযোগ গঠনের শুনানি ২২ সেপ্টেম্বর
চুরির অভিযোগে পৈশাচিক নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ২২ সেপ্টেম্বর। আজ বুধবার দুপুরে মামলাটি সিলেটের মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের পর বিচারক আকবর হোসেন মৃধা এই তারিখ নির্ধারণ করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ সেপ্টেম্বর মহানগর মুখ্য হাকিম আদালত বিচারের জন্য মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।
সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় চুরির অভিযোগে জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউল রাজনকে ৮ জুলাই পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুম করার অপচেষ্টার সময় ধরা পড়ে একজন। রাজনকে নির্যাতন করার সময় প্রায় ২৮ মিনিট ৫২ সেকেন্ড ভিডিওচিত্র ধারণ করেছিল নির্যাতনকারীরা। এ ভিডিওচিত্র নিয়ে ১২ জুলাই প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল রাজন হত্যা মামলার আসামিদের। পালিয়ে সৌদি আরব গিয়ে জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ১৬ আগস্ট। এতে কামরুল ইসলামসহ তিনজনকে পলাতক দেখানো হয়। ১৭ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তাঁদের মালামাল জব্দের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে জালালাবাদ থানা-পুলিশ ২৫ আগস্ট তিন আসামির মালপত্র জব্দ করে আদালতকে অবহিত করে। ৩১ আগস্ট আদালত আসামিদের ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।