শিশু সিফাত হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছরের শিশু সিফাত আলী তন্ময়কে অপহরণের পর হত্যার দায়ে জহিরুল ইসলাম (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সানজিদা ইসলাম আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ মার্চ রাজধানীর দারুস সালাম প্রাইমারি স্কুলের সামনে থেকে শিশু সিফাতকে অপহরণ করেন তাদের বাসার ভাড়াটিয়া জহিরুল। অপহরণের পর শিশুটির বাবা হজরত আলীর কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। তাঁকে মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়।
অপহরণের পর গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন নজরদারি করে জহিরুলকে আটক করে। পরে তাঁর দেখানো স্থান থেকে পলিথিনে মোড়ানো সিফাতের গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা হয়।