শিশু সুমাইয়াকে বাসায় ডেকে আদর করলেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করেছে শিশু সুমাইয়া। সঙ্গে ছিলেন তার মা-বাবা। এ সময় মন্ত্রী তাঁদের খোঁজখবর নেন। আবেগাপ্লুত সুমাইয়া মন্ত্রীকে জড়িয়ে ধরে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসভবনে মন্ত্রী তাঁদের ডেকে নেন। এ সময় তিনি সুমাইয়ার বাবার হাতে ১ লাখ ১০ হাজার টাকা তুলে দেন।
রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রামে ভাড়া বাসার সামনে থেকে গত ২ এপ্রিল অপহৃত হয় সুমাইয়া। অপহরণের ২৪ দিন পর ২৭ এপ্রিল শিশুটিকে কদমতলী এলাকার একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সুমাইয়াকে অপহরণের বিষয় নিয়ে গত ২৪ এপ্রিল প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।
রাতে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, প্রথম আলোতে খবরটি পড়ে তাঁর মায়া লাগে, মন কাঁদে। তিনি কামরাঙ্গীরচর থানার ওসির মাধ্যমে সুমাইয়ার বাবার সঙ্গে যোগাযোগ করেন।
মন্ত্রী বলেন, ‘সুমাইয়ার বয়সী আমার নাতনি থাকায় বিষয়টি হয়তো আমাকে আরও বেশি উদ্বিগ্ন করে তোলে। ওর বাবার সঙ্গে কথা বলে জানতে পারি, ১২ হাজার টাকা বেতনে একটি চাকরি করলেও তিনি এখন বেকার। তিন মাসের বাড়িভাড়া বাবদ ১৩ হাজার টাকা বকেয়া পড়ে ছিল। এ ছাড়া তাঁর বেশ কিছু ঋণও ছিল।’
মন্ত্রী বলেন, সুমাইমার বাবা জাকির হোসেনকে ২০ হাজার টাকা বেতনে টঙ্গীর একটি কারখানায় চাকরির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সুমাইয়ার পড়াশোনার জন্য প্রতি মাসে কিছু অর্থসহায়তা দেওয়া হবে।
মন্ত্রীর বাসায় কেক দিয়ে শিশু সুমাইয়া ও তার মা-বাবাকে আপ্যায়ন করা হয়। এ ছাড়া সুমাইয়াকে নতুন জামা, পুতুল ও চকলেট উপহার দেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রীর দাওয়াত পেয়ে সুমাইয়ার বাবা-মা ভীষণ খুশি। বাবা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি আমাদের বাচ্চাকে বুকে ফেরত পেয়ে।’ এ জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।
মন্ত্রীর বাসায় ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. ইব্রাহীম খান, কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ও উপপরিদর্শক মামুন হোসেন উপস্থিত ছিলেন।