শিশু সুরক্ষা বিষয়ে ওয়ার্ল্ড ভিশন ও প্রথম আলোর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বছরব্যাপী যৌথ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও প্রথম আলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে ওয়ার্ল্ড ভিশনের জাতীয় পরিচালক ইয়ান ডি ওয়াল এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সই করেন।
ইয়ান ডি ওয়াল বলেন, বাংলাদেশে শিশুদের রয়েছে অনেক সাফল্যগাথা, গণমাধ্যম তার সঠিক প্রতিফলন ঘটাতে পারলে সমাজে এর ইতিবাচক প্রভাব পড়বে।
মতিউর রহমান বলেন, নারী, শিশুসহ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভালো উদ্যোগ প্রথম আলো সব সময় গুরুত্ব দিয়ে প্রকাশ করে।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, ঘরে-বাইরে, কর্মস্থলে শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হয়। অনেক কন্যাশিশুকে অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়া হয়। শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে গৃহীত কার্যক্রম অনুযায়ী গণমাধ্যমের কর্মীদের ভূমিকা আরও উন্নত করার লক্ষ্যে ঢাকা ও খুলনায় দুটি প্রশিক্ষণ কর্মশালা হবে। বছরব্যাপী চারটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হবে তার ভিত্তিতে বছর শেষে সেরা প্রতিবেদকদের পুরস্কার ও আনুষ্ঠানিক সম্মাননা দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ওয়ার্ল্ড ভিশনের দলীয় পরিচালক স্টিফেন কে হালদার, অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ, অ্যডভোকেসি ব্যবস্থাপক সাবিরা সুলতানা ও যোগাযোগ ব্যবস্থাপক অপর্ণা রানী ঘোষ।