শিশু সুরক্ষা মানে ভবিষ্যৎ সুরক্ষা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার শিশু সুরক্ষায় সেরা প্রতিবেদনের জন্য বিজয়ী এক সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: খালেদ সরকার।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বৃহস্পতিবার শিশু সুরক্ষায় সেরা প্রতিবেদনের জন্য বিজয়ী এক সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: খালেদ সরকার।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিশু সুরক্ষা’ মানে হলো ভবিষ্যতকে সুরক্ষা করা। শিশুদের সুরক্ষার কাজটি করলে এর প্রতিদান নগদ পাওয়া যায় না, পাওয়া যাবে পরে।

আজ বৃহস্পতিবার বিকেলে শিশু সুরক্ষায় সেরা প্রতিবেদন নির্বাচন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, শিশুদের পরিচয় সংকট দূর করার ক্ষেত্রে সচেতনতা তৈরিতে রাজনীতিবিদ, প্রশাসন ব্যর্থ হয়েছে। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে প্রথম আলো ও ওয়ার্ল্ড ভিশন। পুরস্কারের জন্য লেখা আহ্বানের আগে গত বছর সাংবাদিকদের জন্য শিশুবিষয়ক প্রতিবেদন লেখার ওপরে প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছিলেন।

শিশু সুরক্ষায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিক ও অতিথিদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: খালেদ সরকার।
শিশু সুরক্ষায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিক ও অতিথিদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: খালেদ সরকার।



আজকের এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ​—এটি বহুল উচ্চারিত শব্দ। অনেকে বুঝে বলে, অনেকে না বুঝেই বলে। এ শব্দটি অর্থবোধকভাবে সবাই উচ্চারণ করলে রাস্তায় এত অবহেলিত শিশুর দেখা পাওয়া যেতো না। তিনি গণমাধ্যমকে সুবিধাবঞ্চিত শিশুর হয়ে কথা বলার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো র যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রতিযোগিতার বিভিন্ন বিষয় বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ।
যাঁরা পুরস্কার পেলেন
দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক মোরশেদা ইয়াসমিন প্রথম পুরস্কার, দৈনিক যুগান্তর-এর নিজস্ব প্রতিবেদক শিপন হাবীব দ্বিতীয় ও দৈনিক ভোরের কাগজ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ঝর্ণা মণি তৃতীয় পুরস্কার পেয়েছেন। প্রথম পুরস্কার প্রাপ্ত সাংবাদিককে ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার প্রাপ্তকে ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার প্রাপ্তকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।