শিশু সুরক্ষায় একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিশুর সুরক্ষায় ও সার্বিক বিষয় পর্যবেক্ষণের জন্য দ্রুত একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি। ‘শিশু ন্যায়পাল’ বা ‘শিশু অধিকার কমিশন’ যে নামেই হোক তাকে কার্যকরভাবে কাজ করতে হবে। এ কাঠামো শুধু নির্যাতন বা সহিংসতার ঘটনা ঘটলেই নয়, শিশুর সার্বিক অধিকারের বিষয়টিও দেখভাল করবে।
গতকাল রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু অধিকার সুরক্ষায় প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় আলোচকেরা এসব কথা বলেন। আলোচনায় শিশুদের জন্য ন্যায়পাল প্রতিষ্ঠার চেয়ে নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হন।
সেভ দ্য চিলড্রেনের সহায়তায় অনুষ্ঠিত সভায় আলোচকেরা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হওয়ার আগ পর্যন্ত শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে এবং যে ঘটনাগুলো ঘটে গেছে তার দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি ‘প্রেশার গ্রুপ’ তৈরিরও সুপারিশ করেন।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, জাতীয় শিশু নীতি, শিক্ষা নীতিসহ বিভিন্ন নীতি ও আইনে অনেক কিছু বলা আছে। কিন্তু সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। এসব কিছু দেখার জন্য আলাদা একটি কমিশন গঠন করা প্রয়োজন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ইমান আলী বলেন, ন্যায়পাল একটি নির্দিষ্ট পরিধি ও আইনের মধ্যে সীমাবদ্ধ। কমিশনের নেতৃত্বে বিচার বিভাগের সংশ্লিষ্টদের রাখার পক্ষেও মত দেন তিনি।
সভাপতির বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আমরা বিশ্বাস করি শিশুরা জাতির ভবিষ্যৎ। তবে যে শিশুদের বর্তমানই নেই, ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, বাঁচতেই পারছে না, নিজেকে মানুষ হিসেবেই ভাবতে পারছে না তারা আমাদের ভবিষ্যৎ কীভাবে উপহার দেবে?’
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, পরিবারই-বা শিশুর কথা কতটুকু শোনে? শিশুদের জন্য কমিশন বা অন্য যে কাঠামোই তৈরি করা হোক না কেন, তা যেন পরিবারে শিশুর যে অবস্থা হয়, তেমন অবস্থা না হয় তা খেয়াল রাখতে হবে।
শিশু প্রতিনিধি ইমতিয়াজ বলে, শিশুদের সঙ্গে সরাসরি কথা না বললে শিশুদের বিষয় কেউ বুঝতে পারবেন না। তাই কমিশন বা ন্যায়পাল যাই গঠন করা হোক তাতে শিশুদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক শামছুল আলম। আসকের জ্যেষ্ঠ উপপরিচালক (শিশু সুরক্ষা ইউনিট) গীতা চক্রবর্তী স্বাধীন ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে ন্যায়পাল ও কমিশন গঠনের সুবিধা, অসুবিধা, অন্য দেশের অভিজ্ঞতা তুলে ধরেন।