শিশু সুরক্ষায় ব্যক্তিমালিকানাধীন খাতের ভূমিকা
গত ২২ সেপ্টেম্বর ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘শিশু সুরক্ষায় ব্যক্তিমালিকানাধীন খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন

আলোচনায় সুপারিশ
ব্যক্তিমালিকানাধীন খাতের সিএসআর সরকার ও এনজিওর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের টেকসই উন্নয়নে কােজ লাগাতে হবে।
করপোরেট কোম্পানিগুলোর ব্র্যান্ডিং মানুষের কাছে আকর্ষণীয় হয়। তাদের ব্র্যান্ডিংয়ের সঙ্গে শিশু অধিকারের বিষয়টি যুক্ত করা প্রয়োজন।
অনেক স্কুলের খেলার মাঠ দখল হয়ে আছে। শিশুদের বিকাশের জন্য মাঠগুলো দখলমুক্ত করতে হবে।
এখন শিশুদের স্বপ্ন দেখানোর কেউ নেই। আমাদের সময় শিক্ষকেরা অনেক স্বপ্ন দেখাতেন। তাঁরা নৈতিকতা, মূল্যবোধের কথা বলতেন।
প্রতিহিংসা ও খুনাখুনিপরায়ণ একটি সমাজ টিকিয়ে রেখে শিশুর বিকাশ হবে না।
আলোচনা
আব্দুল কাইয়ুম: জাতিসংঘের শিশুসনদ অনুযায়ী শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারসহ বিভিন্ন এনজিও শিশুদের জন্য কাজ করছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন খাত বিশেষ ভূমিকা রাখতে পারে।
সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানসহ শিশুদের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। ব্যক্তিমালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের সিএসআর (সংস্থার সামাজিক দায়বদ্ধতা) শিশুদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এসব নিয়েই আজকের আলোচনা। এখন আলোচনা করবেন সাবিরা নূপুর।
সাবিরা নূপুর: ব্যক্তি খাত কীভাবে শিশু সুরক্ষায় কাজ করতে পারে, আজকের আলোচনায় সেটা প্রাধান্য পাবে। ওয়ার্ল্ড ভিশন ৪০ বছর ধরে শিশুদের নিয়ে কাজ করছে। গত ২০ বছরে আমরা দেখেছি, সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই ব্যক্তি খাতের কথা জোরালোভাবে এসেছে। শিশুদের টেকসই উন্নয়নের জন্য সরকার ও এনজিওর সঙ্গে ব্যক্তি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি খাতের নেটওয়ার্ক অনেক বড়। এই খাত সরকারকে বিশাল পরিমাণ কর দেয়। সরকার যেন তাদের করের সঠিক ব্যবহার করে। ব্যক্তিমালিকানাধীন খাতের সিএসআর সরকার ও এনজিওর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের টেকসই উন্নয়নে কােজ লাগাতে হবে।
করপোরেট কোম্পানিগুলোর ব্র্যান্ডিং মানুষের কাছে আকর্ষণীয় হয়। তাদের ব্র্যান্ডিংয়ের সঙ্গে শিশু অধিকারের বিষয়টি যুক্ত করা প্রয়োজন। তাহলে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হবে। শিশুদের সুন্দর করে গড়ে তুলতে না পারলে দেশের ভবিষ্যৎ সুন্দর হবে না। ২০১৫ পর্যন্ত এমডিজির আটটি লক্ষ৵মাত্রা ছিল। এসব লক্ষ্যমাত্রার প্রায় সব কটিতে বাংলাদেশ ভালো করেছে। কিন্তু অষ্টম লক্ষ্যমাত্রা ছিল গ্লোবাল পার্টনারশিপ। এ লক্ষ্যমাত্রাটিতে বাংলাদেশসহ বিশ্বের কোনো দেশই ভালো করতে পারেনি। এ ক্ষেত্রে আমরা নতুনভাবে কাজ করতে চাই। সরকার, ব্যক্তি খাত, এনজিওসহ আমরা সবাই যদি একটি উন্নয়ন সম্পর্ক তৈরি করি, তা অবশ্যই সমাজের অবহেলিত শিশুসহ সবার উন্নয়ন ঘটাবে। এবং আমরা একিট একীভূত সমাজ গড়ে তুলতে পারব। সবাই একসঙ্গে কাজ না করলে পোস্ট এমডিজি পূরণ হবে না। বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশু আছে প্রায় ছয় কোটি ৩০ লাখ। দেড় কোটির বেশি শিশু আছে পাঁচ বছরের নিচে। এদের বেশির ভাগ ঝুঁকির মধ্যে আছে। মাতৃ ও শিশুমৃত্যুতে বাংলাদেশ ভালো করলেও এখনো প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫৩ জন মারা যায়। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অপুষ্টি বাংলাদেশে।
দেশের মোট জনসংখ্যার ৬৬ শতাংশ শিশু। বিশ্বে সবচেয়ে বেশি শিশুবিবাহ হয় বাংলাদেশে। ৪০ শতাংশ শিশুর বিবাহ হচ্ছে দরিদ্র পরিবারে। ৭৪ লাখ শিশু বিভিন্ন খাতে শ্রম দিচ্ছে। ৫৬ লাখ শিশু কোনো প্রকার শিক্ষাকেন্দ্রের আওতায় নেই। রাষ্ট্রের একার পক্ষে সম্ভব না সব শিশুর দায়দায়িত্ব নেওয়ার। শিশু সুরক্ষায় সরকারের ভালো আইন আছে। কিন্তু আইনের তেমন প্রয়োগ নেই। দেশের সব শিশুকে উন্নয়নের মূলধারায় যুক্ত করার জন্য সরকার, ব্যক্তিমালিকানাধীন খাত, নাগরিক সমাজ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মোবাশ্বের হোসেন: আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে আগ্রহী। তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের খেলার জায়গা রাখতে বলেছেন। সরকারই আবার আড়াই কাঠার জায়গা বরাদ্দ দিচ্ছে। এভাবে বরাদ্দ দিলে আমাদের সন্তানেরা এক্কাদোক্কা খেলার জায়গাও পাবে না। প্রত্যেক নাগরিককে যদি আড়াই কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়, তাহলে বঙ্গোপসাগর ভরাট করতে হবে। অথচ ২০০টি আড়াই কাঠার প্লট এক জায়গায় করলে ফুটবল খেলার মাঠ তৈরি করা যায়। উত্তরায় সরকার ২০ বছর আগে প্লট দিয়েছে। কিছু প্লট এখনো সেভাবে পড়ে আছে। প্লট বরাদ্দ হচ্ছে অবৈধভাবে অর্থ বানানোর মহোৎসব। এক মন্ত্রীকে বললাম, আপনি যে দামে প্লট পেয়েছেন, সে মূল্যে আমাকে উন্নয়ন করতে দিলে খুব সস্তায় ফ্ল্যাট দিতে পারব। তিনি বললেন, ‘আমাকে পাগল পেয়েছেন?’ তাঁকে বললাম, ১০০ টাকার টিকিট ১৫০ টাকায় বিক্রি করলে বলেন কালোবাজারিতে দেশ ছেয়ে গেছে। আর প্লট রবাদ্দের ক্ষেত্রে কালোবাজারি চলছে। ঢাকা শহরের চার বিঘা জমির বসতিকে আকাশসীমা ব্যবহার করে এক বিঘার মধ্যে আনা সম্ভব। প্রতি চার বিঘায় তিন বিঘা সবুজ রাখা যায়। এভাবে বাংলাদেশের শহরগুলো হতে পারে পৃথিবীর অন্যতম আধুনিক শহর। সবকিছু দেখভালের দায়িত্ব হলো রাজউকের।
ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেকে বাংলাদেশের মতো করে প্লট দেওয়া হয়েছিল। বামপন্থী সরকার এসে সেটা বন্ধ করে। এখন সল্টলেক পৃথিবীর অন্যতম উন্নত শহর। বাংলাদেশের স্থপতিরা অসম্ভব মেধাবী। তাঁরা বিভিন্ন জায়গা থেকে নকশায় পুরস্কার আনছেন। বিভিন্ন দেশের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্ল্ড আর্কিটেক্ট ডিজাইন প্রতিযোগিতা হয়। পৃথিবীসেরা স্থপতিরা ছিলেন এর বিচারক। এ বিষয়ে বিশ্বে ৪০০টি প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারীদের কেবল কোড নাম্বার ছিল। তাদের কোনো নাম-ঠিকানা কিছুই ছিল না। বিচারকেরা সাত দিন গবেষণা করে ২০টি সেরা প্রকল্প নির্বাচন করেন। ২০টির মধ্যে সেরা পাঁচটি প্রকল্প বাংলাদেশি স্থপতিদের। কিন্তু দুর্ভাগ্য হলো, আমরা এসব মেধাকে কাজে লাগাতে পারছি না।
আমাদের স্থপতিদের মেধা ব্যবহার করে ঢাকাসহ সারা দেশের নগরগুলোকে শিশুদের বাসযোগ্য করা সম্ভব। পৃথিবীর এমন কোনো রাজধানী নেই, যার চারপাশে দিয়ে পাঁচটি নদী আছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যার রাজধানীসহ সারা দেশ মিষ্টি পানিতে ভরপুর। ধানমন্ডি মাঠে কমপক্ষে ৪০০ জন সন্তান প্রতিদিন খেলাধুলা করে। বন্ধ করে দেওয়ার পর এরা কোথায় যায়? এদের মধ্যে কত সন্তান মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত হবে, আমরা জানি না।
শাগুফা আনোয়ার: ইচ্ছে করলে আমরা নিজেরা অনেক কিছু করতে পারি। সব সময় সরকারের প্রয়োজন হয় না। আমাদের বিভিন্ন জরুরি কোড আছে। যেমন কারও হার্টে সমস্যা হলে সে নির্দিষ্ট কোডে ডায়াল করবে। তখন প্রয়োজনীয় চিকিৎসকেরা সেখানে যাবেন। তাঁরা দ্রুত রোগীর সেবা করবেন। অন্য হাসপাতালগুলোয় এমন জরুরি কোড থাকতে পারে। আমরা বিভিন্ন হাসপাতালের সঙ্গে আমাদের কার্যক্রম শেয়ার করি। আমাদের এখানে যেসব গর্ভবতী মা আসেন, তঁাদের বাধ্যতামূলক প্রশিক্ষণ দিই। মায়ের পুষ্টি, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। ফলে মা ও শিশু দুজনেই ভালো থাকেন। কেবল আমাদের হাসপাতালে না, আমাদের সঙ্গে যেসব হাসপাতাল কাজ করে, তাদেরও প্রশিক্ষণ দিই। ফলে এসব হাসপাতালের মা ও শিশুদের ঝুঁকি অনেক কমে যায়। বিভিন্ন স্কুলে আমরা স্বাস্থ্য কর্মসূচি করে থাকি। স্কুলে কিডনি, শ্বাসকষ্ট, প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও মায়েদের প্রশিক্ষণ দিই। কেবল হাসপাতালে রোগী আসবে, চিকিৎসা করব—এটাই শেষ কথা নয়। প্রত্যেক মানুষের একটি সামাজিক দায়িত্ব আছে। আমরা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে সমাজটাকে ভালো রাখার চেষ্টা করি। দিনব্যাপী আমরা বিনা পয়সায় স্বাস্থ্যক্যাম্প করে থাকি।
জীশান কিংশুক হক: সিএসআর বলতে মানুষ অনুদান বোঝে। কিন্তু সিএসআর হলো সামাজিক দায়বদ্ধতা। দেশের শিশুদের অনেক সমস্যা রয়েছে। আমরা একা কিছুই হয়তো করতে পারব না, তবে সবাই একটু একটু করে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। যেসব প্রতিষ্ঠান শিশুশ্রম ব্যবহার করে, আমরা তাদের ঋণ না দেওয়ার চেষ্টা করি। আমাদের অংশীদারি প্রতিষ্ঠানগুলোতে শিশুশ্রম গ্রহণ করি না। দেশে ২০ শতাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাস করে। আমরা শিক্ষাকে বেশি গুরুত্ব দিই। অনেক পরিবারের মাসিক আয় তিন হাজার ৫০০ টাকার কম। এসব পরিবার থেকে অনেকে জিপিএ-৫ পায়। আমরা এদের শিক্ষাবৃত্তি দিই। এমন ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছি। কয়েকটি স্কুলকে আর্থিক সহযোগিতা করি। একটি স্কুলের অটিস্টিক শিশুদের আর্থিক সহায়তা করি। প্রতিটি প্রতিষ্ঠান থেকে কিছু করা হলে দেশের অবহেলিত শিশুদের উন্নয়ন ঘটবে।
দেবাশিষ রায়: মোবাইল ফোন কোম্পানি হিসেবে আমি শিশুদের ডিজিটাল সুবিধার কথা বলব। দেশে পাঁচটি অনলাইন স্কুল চালু করেছি। এর মধ্যে একটি স্কুল আছে বান্দরবান পাহাড়ে। দরিদ্র শিশুরা খুব বেশি ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় না। আমরা ভালো শিক্ষকের মাধ্যমে অনলাইন স্কুলের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিতে পারছি। আগামী বছর আরও পাঁচটি স্কুল অনলাইন করব। আমরা ঢাকা থেকে টেলিমেশিনের ব্যবস্থা করছি।
দেশের ২৩টি কেন্দ্র থেকে শিশুসহ দরিদ্র মানুষেরা এ সেবা নিতে পারে। হাওর এলাকাতে আমাদের কর্মীরা মোবাইল পিসি নিয়ে অসুস্থ পরিবারে গিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের চিকিৎসকেরা তাদের সেবা দিচ্ছে। এখানে দরিদ্র মা ও শিশুরা সেবা পাচ্ছে। ‘আপনজন’ নামে একটা কেন্দ্র আছে। এখানে কোনো মা নিবন্ধন করলে সপ্তাহে মোবাইলে মা ও শিশুর বিষয়ে দুটো সংবাদ পায়। গুরুতর সমস্যায় চিকিৎসককে কল দেওয়ার ব্যবস্থা আছে। টেলিনরের একটি গবেষণা আছে, তা হলো, ২০১৭ সালের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যাল্ড, মালয়েশিয়া—এ দেশগুলোর মধ্যে ১০০ মিলিয়ন শিশু অনলাইনে আসবে। অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের সঙ্গে ঝুঁকিপূর্ণ কিছু বিষয়ও থাকে। শিশুরা কীভাবে ঝুঁকি থেকে মুক্ত থাকবে, সে ব্যাপারে আমাদের কর্মীরা কাজ করছে। আমরা শিশুদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি।
আশরাফ বিন তাজ: পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে ব্র্যান্ডিং হয়। শিশুদের বিষয়টি ব্র্যান্ডিংয়ের সঙ্গে সমন্বয় করা একটি চ্যালেঞ্জ। বিজ্ঞাপনে এমনও দেখা যায়, একটি শিশুর একটি গাড়ি আছে, অন্য শিশুটির না থাকার জন্য সে মন খারাপ করছে। অনেক শিশুর মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিশুদের বিষয়টি উপস্থাপনের সময় অনেক বিবেচনাবোধের বিষয় আছে। আবার এমন বিজ্ঞাপন দেখা যায় যে একজন শিশু রাতারাতি অনেক কিছু হয়ে যায়। এসব বিষয় শিশুদের বিভ্রান্ত করে। সমাজে এর খারাপ প্রভাব পড়তে পারে। অনেক বিজ্ঞাপনে রসিকতা থাকে। পর্নোগ্রাফির মাধ্যমে শিশুরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অ্যাপোলো হাসপাতাল ও গ্রামীণফোনের কিছু উদ্যোগের কথা শুনলাম। কিন্তু সমাজে এটা কতটা প্রভাব ফেলবে? এখন পৃথিবী অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে। কোনো কিছু ব্যাপকভাবে সমাজে বিস্তার করতে না পারলে তার প্রভাব সমাজে পড়বে না। শিশুদের পাঠ্যক্রমে তাদের জীবনযাপন পদ্ধতি, অধিকারসহ আরও অনেক বিষয় থাকা দরকার। বিদেশে এটা আছে। বিদেশে শিশুরা কেবল শেখেই না, প্রজেক্টের মাধ্যমে সেটা দেখে। এদিক থেকে আমাদের শিশুরা অনেক পিছিয়ে আছে।
মনজুরুল আহসান বুলবুল: নব্বই দশকের শুরুতে মার্কিন সিনেটর হারকিন কংগ্রেসে বাংলাদেশের গার্মেন্টস ও নেপালের কার্পেটশিল্পে শিশুশ্রম ব্যবহার নিয়ে একটি বিল এনেছিলেন। এরপর নানা উদ্যোগের ফলে বাংলাদেশের গার্মেন্টস ও নেপালের কার্পেটশিল্পে এখন শিশুশ্রম নেই। এর কারণে বাংলাদেশ ও নেপালের কোনো শিশু ও তাদের পরিবার পথে বসেনি। একটা বিষয় ভাবতে হবে, কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। নীলফামারীর কেশব একদিন দেখল, তাদের ক্লাসের একটি মেয়ে স্কুলে আসে না। খোঁজ নিয়ে দেখল, মেয়েটির বিয়ে হচ্ছে। তখন কেশব তার বন্ধুদের নিয়ে বিয়ে বন্ধ করল। তার এই আন্দোলনের ফলে এখন নীলফামারী জেলার ১১টি উপজেলায় শিশুবিবাহ বন্ধ হয়েছে। কেশব একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। যেসব শিশু পরীক্ষায় পাস করতে পারেনি, তাদের নিয়ে একটি সভা করেছিলাম। অনেকগুলো বিষয় উঠে এসেছে। যেমন: অঙ্ক, ইংরেজির ভালো শিক্ষকের প্রচণ্ড অভাব, কারও স্কুল অনেক দূরে, কারও বর্ষার সময় স্কুলের পথ ভেসে যায়, কেউ বখাটেদের জন্য স্কুলে যেতে পারে না—এসব সমস্যার সমাধান না হলে শিশুদের উন্নয়ন হবে না।
কেবল স্কুলে বই, বৃত্তি, খাবার দিলে হবে না, আরও অনেক বিষয় আছে যেগুলো ঠিক করতে হবে। প্রতিহিংসা ও খুনাখুনিপরায়ণ একটি সমাজ টিকিয়ে রেখে শিশুর বিকাশ হবে না। ঢাকা শহরের ১৫০টি স্কুলের কথা জানি, যে স্কুলগুলোয় শিশুরা ঠিকমতো ক্লাস করতে পারে না। কোনো না কোনো পক্ষ দখল করে রেখেছে। কেবল স্কুল নয়, অনেক স্কুলের খেলার মাঠ দখল হয়ে আছে। শিশুদের বিকাশের জন্য এসব ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।
হাসিনা নেওয়াজ: নারীর ক্ষমতায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পায় শিশু। কোনো নারীর কাছে অর্থ থাকলে প্রথমে সে তার শিশুসন্তানের জন্য খরচ করে। ব্যক্তিমালিকানা বলতে আমি কেবল প্রতিষ্ঠানের মালিকদের বুঝি না। প্রত্যেক মানুষই একজন ব্যক্তিমালিক। প্রত্যেক সচ্ছল মানুষের উচিত কয়েকজন অসহায় মানুষকে সহায়তা করা। তাহলে সমাজটা দ্রুত বদলে যাবে। কোনো মানুষ স্বপ্ন ছাড়া বড় হতে পারে? এখন শিশুদের স্বপ্ন দেখানোর কেউ নেই। আমাদের সময় শিক্ষকেরা অনেক স্বপ্ন দেখাতেন। তাঁরা নৈতিকতা, মূল্যবোধের কথা বলতেন। আমার সন্তানের শিক্ষক তাকে সেভাবে স্বপ্নের কথা বলেন না। নৈতিকতা, মূল্যবোধের কথা বলেন না। তাহলে শিশুরা শিখবে কোথা থেকে? আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের বলেছি, তোমাদের সন্তানেরা যদি লেখাপড়া করে, তাদের খরচ আমি দেব।
প্রত্যেকে যদি কিছু দায়িত্ব নিই, তাহলে কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। আমি মনে করি, কোনো কোম্পানি করবে, করপোরেট করবে, প্রথম আলো করবে—এভাবে অপেক্ষা করলে হবে না। প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রত্যেকে যদি সামর্থ্য অনুযায়ী কয়েকজন শিশুর দায়িত্ব নিই, তাহলে বাংলাদেশের শিশুরা হবে পৃথিবীর সমৃদ্ধ শিশু।
চন্দন জেড গোমেজ: বিশ্বের ১০০টি দেশে ওয়ার্ল্ড ভিশন কাজ করে। ওয়ার্ল্ড ভিশন পৃথিবীর সব শিশুর কথা ভাবে। বাংলাদেশে বিভিন্ন শ্রেণির শিশু রয়েছে। যেমন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিশু। আর এক শ্রেণির শিশু আছে, যারা দরিদ্র থেকেও দরিদ্র। এই শিশুরা হলো পথশিশু, বস্তিশিশু, যৌনকর্মীদের শিশু, শ্রমিকদের শিশু, গৃহকর্মী নারীর শিশু। আমাদের মূল লক্ষ্য হবে, এই শিশুদের জন্য কিছু করা। সবার দায়িত্ব সরকার হয়তো নিতে পারবে না। সে জন্যই আমাদের আজকের এই আলোচনা। ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। কর বাবদ সরকারকে বিশাল পরিমাণ অর্থ পরিশোধ করে। তাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার জায়গা থেকেই অবহেলিত, বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাদের জন্য বিশেষ কিছু করতে হবে। তারা সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। যদিও গার্মেন্টসে শিশুশ্রম নেই, কিন্তু অন্যান্য খাতে এখনো লাখ লাখ শিশুশ্রমিক কাজ করছে। ছয় কোটি শিশু আমাদের দেশে। অধিকাংশ শিশু মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি পাচ্ছে না। বাংলাদেশের ১৫ লাখের বেশি নারী গার্মেন্টসে কাজ করেন। এসব নারী যাতে তাঁদের শিশুসন্তানদের বিয়ে না দেন, সে জন্য গার্মেন্টসের পক্ষ থেকে বোঝানো প্রয়োজন। অল্প বয়সে বিয়ে হলে মা ও সন্তানের যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, সেটা তুলে ধরতে হবে।
মোহাম্মদ সামি আল হাফিজ: আমরা কয়েকটি চরাঞ্চলে টিকাদান কর্মসূচি করেছি। এসব চরে শিশুদের টিকা দেওয়া হতো না। বড় একটা চর এলাকায় একটিমাত্র স্কুল। স্কুলটি সিডরে সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আমরা সে স্কুলটি ঠিক করে দিয়েছি। ওই চরে একটি ছোট ক্লিনিক আছে। দুজন ফার্মাসিস্ট এখানে চিকিৎসা করেন। এঁরা আসলে চিকিৎসক নন। ৩০ জন ধাত্রী আছেন। চিকিৎসার ক্ষেত্রে এঁদেরও কোনো লেখাপড়া বা প্রশিক্ষণ নেই। আমরা সেই ক্লিনিকটিকে চিকিৎসার উপযোগী করে তৈরি করি। ৩০ জন ধাত্রীকে প্রশিক্ষণের ব্যবস্থা করি। এখন সপ্তাহে দুই দিন সার্টিফাইড চিকিৎসক সেখানে বসেন। গুরুতর সমস্যায় পাশের কোনো ভালো হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা আছে। এই এলাকার মানুষদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে সবাই যদি কিছু করি, তাহলে নিশ্চয়ই সমাজে একটা পরিবর্তন আসবে।
ইফতেখার আজম শাফিন: টেলিকমিউনিকেশনে এখন ১২ কোটি গ্রাহক আছে। আমরা মনে করি, ১২ কোটি যোগাযোগমাধ্যম। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুব সহজে ১২ কোটি মানুষের কাছে পৌঁছাতে পারি। টিকাদান কর্মসূচির ক্ষেত্রে সরকার সব মিডিয়াকে ব্যবহার করেছে। তাই টিকাদান কর্মসূচি বাংলাদেশে একটি সফল কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকার যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কাছে আসে, আমরা সহযোগিতা করব। নারীশিশুদের সহিংসতা থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের হেলপ লাইন নাম্বার হলো ১০৯২১। কিন্তু এ বিষয়ে অনেকেই জানে না। যেকোনো বিষয়ের সফলতার জন্য প্রচার একটা জরুরি বিষয়। বিচ্ছিন্নভাবে কোনো কিছু করে বড় রকমের সুফল পাওয়া যাবে না। আমরা যারা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে আছি, তারা সমন্বিত বা আলাদাভাবে একেকটা গ্রামকে আদর্শ গ্রাম করার উদ্যোগ নিতে পারি। একটা গ্রামের শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ দূর করতে পারি। অন্যদের কাছে এটা অনুকরণীয় হবে।
স্টিফেন হালদার: বিশ্বের ১৫০ মিলিয়ন শিশুকেই আমরা সুরক্ষা দিতে চাই। আমাদের সব কর্মকাণ্ড শিশুদের কল্যাণমুখী। শিশুদের কল্যাণের জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, যেকোনো প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করার প্রস্তুতি ইত্যাদি শিশুদের বিভিন্ন বিষয়ে আমরা কাজ করি। আমরা চাই আমাদের সরকার, কাজের স্থান, পরিবার, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান—সবই শিশুবান্ধব হবে। গণমাধ্যম এমন কোনো বিজ্ঞাপন প্রচার করবে না, যা শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
এমন কোনো ছবি প্রকাশ করা উচিত নয়, যা শিশুদের মধ্যে সহিংসতা বৃদ্ধি করে। সমাজে এমন ব্যবস্থা রাখা উচিত হবে না, যাতে শিশুদের মধ্যে বৈষম্য তৈরি হয়। বিশ্বের প্রায় সব দেশেই আমাদের কার্যক্রম আছে। ভুটান ছাড়া এশিয়ার সব দেশে আমাদের কার্যক্রম আছে। সব দেশের শিশুদের আমরা একইভাবে সেবা দিই। আমরা চাই, পৃথিবীর সব শিশু ভবিষ্যতে সমৃদ্ধ নাগরিক হোক। আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। তাহলে শিশুরা মূলধারায় ফিরে আসতে পারবে।
রাফেজ আলম চৌধুরী: বাংলাদেশের শিশুনীতি আছে। জাতিসংঘের শিশুসনদে ১৯৪টি দেশ সই করেছে। বাংলাদেশও তাদের মধ্যে আছে। ১৮ বছরের নিচে শিশুদের বিয়ে হচ্ছে। এর মাধ্যমে শিশুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করি। আইনের সঠিক বাস্তবায়ন থাকলে নিশ্চয়ই ১৮ বছরের নিচে বিয়ে হতো না। সংবিধানে শিশুদের অধিকার সুরক্ষিত করার কথা বলা হয়েছে। কিন্তু কতটা হচ্ছে, সেটি একটি প্রশ্ন। বাংলাদেশে প্রায় ছয় কোটি শিশু। এদের যদি ঠিকভাবে মানুষ করতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্ম ভালো কিছু দিতে পারবে না। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিশুদের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে শিশুদের শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করি, আবার ব্যক্তিগতভাবেও শিশুদের উন্নয়নে কাজ করি। কিন্তু সেটা কতটা পর্যাপ্ত, তা একটা প্রশ্ন হতে পারে। যেকোনো কারণেই হোক, ধানমন্ডি ক্লাবটি স্থানীয় কিশোর-কিশোরীদের জন্য খোলা রাখা যায়নি।
আমরা কিছু মানুষ উদ্যোগ নিয়ে গুলশানের একটি মাঠ দখলমুক্ত করতে পেরেছি। ওই মাঠটি খেলাধুলা ছাড়া অন্য কাজে ব্যবহৃত হতো। এখন গুলশানের ওই মাঠে খেলাধুলা ছাড়া অন্য কিছু হয় না। মাঠে ধনী-দরিদ্র সবার সন্তান খেলতে পারে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা সেখানে একটি স্কুল ও একটি চিকিৎসাকেন্দ্র করেছি। এ কাজের সঙ্গে সরকারকে যুক্ত করতে পেরেছি। আমাদের মোবাইল ফোন কোম্পানিগুলো বা অন্যান্য প্রতিষ্ঠান সাধারণত যেখানে প্রচার বেশি, সেখানে অর্থ ব্যয় করে। দরিদ্র শিশুদের জন্য ব্যয় করলে হয়তো প্রচার কম হবে। কিন্তু এটা হবে একটা বিশাল মানবিক কাজ। শিশুদের সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা করা দরকার, তার সবই করতে হবে।
শহিদ উল্লাহ আজিম: দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো দরকার। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা—সব ক্ষেত্রে যেন তারা সঠিক সেবা পায়, সেটা দেখার দায়িত্ব আমাদের।
দেশে একটা শিশুবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। যেমন ‘মর্নিং শোজ দ্য ডে’, তেমনি ‘চাইল্ড শোজ দ্য ম্যান’। শিশু বয়স থেকে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা না গেলে বড় হয়ে তারা দেশের কল্যাণ করতে পারবে না। বাংলাদেশে আমাদেরই একমাত্র সেক্টর, যেখানে শিশুশ্রম নেই। আমরা নিয়মিত তদারক করি, কোথাও কোনো শিশুশ্রম আছে কি না। যদি কোনো কারখানায় শিশুশ্রম থাকে, তাদের শাস্তির ব্যবস্থা করি। ঢাকা–চট্টগ্রামে বিজিএমইএর নিজস্ব ১২টি স্কুল আছে এসব স্কুলের শিক্ষা উপকরণও আমরা দিয়ে থাকি। সরকার, এনজিও, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান তো শিশুদের জন্য কাজ করবেই।
আমি বেশি গুরুত্ব দিই ব্যক্তিগত উদ্যোগকে। যেমন আমার ১০ জন শিশুর দায়িত্ব নেওয়ার সামর্থ্য আছে। আমি ১০ জনকে পরিচালনা করব। আপনার একজন শিশুর দায়িত্ব নেওয়ার সামর্থ্য আছে, আপনি একজনের দেখাশোনা করেন। এভাবে যদি দেশের সব সামর্থ্যবান মানুষ দায়িত্ব নেই, তাহলে দেশের কোনো শিশুই শিক্ষা, স্বাস্থ্য ও অপুষ্টির বাইরে থাকবে না।
মোবাশ্বের হোসেন: এতক্ষণ আলোচনার পর আমার মনে হলো, অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আর স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। আপনারা অনেকে অনেকভাবে কাজ করছেন, আমরা হয়তো জানি না। সব কাজ এক জায়গায় করতে পারলে একটা বড় কাজ হবে। সবাই মিলে একটা ক্লাব করলে ভালো হয়।
কেউ চরে কাজ করছি, কেউ অদম্য মেধাবীদের সাহায্য করছি, কেউ আদর্শ গ্রাম করতে চাই—প্রতিটিই খুব উল্লেখযোগ্য কাজ। কিন্তু আমার মনে হয়, সবাই এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে কোনো একটা দরিদ্র এলাকা বেছে নিয়ে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার ক্ষেত্রে কাজ শুরু করলে সেটা বেশি ফলপ্রসূ হবে। এভাবে দ্রুত সমাজের শিশুদের পরিবর্তন আসবে।
আব্দুল কাইয়ুম: আজকের শিশুরা আগামী দিনের বাংলাদেশ গড়বে। শিশুদের সুনাগরিক করে গড়ে তুলতে হবে। এর জন্য শিশুদের বিশেষভাবে প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সর্বোপরি একটি শিশুবান্ধব পরিবেশ। এটা নিশ্চিত করতে না পারলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। তারা মাদকসহ বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপে যুক্ত হবে। দেশ ও দেশের উন্নয়নের ওপর এর ভীষণ রকম নেতিবাচক প্রভাব পড়বে। তাই এখনই শিশুদের সার্বিক কল্যাণের কথা সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাঁরা অংশ নিলেন
মোবাশ্বের হোসেন : সভাপতি, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
শহিদ উল্লাহ আজিম : সহসভাপতি, বিজিএমইএ
মনজুরুল আহসান বুলবুল : প্রধান নির্বাহী ও সম্পাদক, বৈশাখী টেলিভিশন
রাফেজ আলম চৌধুরী : সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)
স্টিফেন হালদার : গ্রুপ ডাইরেক্টর, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ
চন্দন জেড গোমেজ : অ্যাডভোকেসি ডাইরেক্টর, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ
হাসিনা নেওয়াজ : সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিডব্লিউসিসিআই
শাগুফা আনোয়ার : মহাপরিচালক, অ্যাপোলো হাসপাতাল
দেবাশিষ রায় : হেড অব করপোরেট রেসপনসিবিলিটি, গ্রামীণফোন
আশরাফ বিন তাজ : ম্যানেজিং ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিেটড
মোহাম্মদ সামি আল হাফিজ: গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার, এমটিবি কমিউনিকেশন ডিপার্টমেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
জীশান কিংশুক হক : হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি, ব্র্যাক ব্যাংক
ইফতেখার আজম শাফিন : পিআর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার, হেড অব বিটিএল অ্যান্ড সিএসআর, বাংলালিংক
সাবিরা নূপুর : অ্যাডভোকেসি ব্যবস্থাপক, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো