শিশু সুরক্ষায় শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ
শিশুদের সহিংসতা থেকে রক্ষায় শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন। সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সংস্থাটি উদ্বিগ্ন ও মর্মাহত।
সংস্থাটির দেশীয় পরিচালক মাইকেল ম্যাকগ্রা আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাঁর অফিসে দেখা করে তাঁর কাছে একটি স্মারকলিপি দেন। এতে রাজন হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশের পাশাপাশি শিশু সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।
এ ছাড়া, শিশুদের প্রতি সহিংসতার ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির স্পষ্ট প্রচার প্রত্যাশা করা হয়। আজ সেভ দ্য চিলড্রেনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ম্যাকগ্রা ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশেও প্রতিটি থানায় একজন করে ‘নারী ও শিশু বিষয়ক’ পুলিশ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেন। বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে শিশু সুরক্ষা বিষয়ে সংবেদনশীলতা বাড়ানোর জন্য ম্যাকগ্রা সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়ারও প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটি বিবেচনা করার আশ্বাস দেন।
গত সপ্তাহে রাজনের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের সান্ত্বনা দেওয়ার জন্য ম্যাকগ্রা মন্ত্রীকে ধন্যবাদ জানান। রাজনের হত্যাকাণ্ডের পর স্থানীয় পুলিশের গাফিলতির অভিযোগ তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।