শিশু সৌরভ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সৌরভ দত্ত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল কালীগঞ্জ শহরে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সৌরভ দত্ত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল কালীগঞ্জ শহরে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

ঝিনাইদহের কালীগঞ্জে সৌরভ দত্ত (৫) হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার কালীগঞ্জ শহরে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, সোনার বাংলা ফাউন্ডেশন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
সকালে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সৌরভের বাবা বলাই দত্ত বলেন, তাঁর ছেলের অপরাধ কী ছিল। তিনি হত্যার কারণ খুঁজতে প্রশাসনের কাছে অনুরোধ জানান। একই সঙ্গে হত্যাকারীর শাস্তি দাবি করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি ইসরাইল হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ সদর শাখার সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল করে কালীগঞ্জ উপজেলা পরিষদে যান। সেখানে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
গত বছরের ২৭ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম এলাকার বলাই দত্তের ছেলে সৌরভ দত্তকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরের দিন পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নির্মাণাধীন ঘরের সানশেডে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বলাই দত্ত কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। কিন্তু পুলিশ এখনো হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত ওই এলাকার চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।