শিশু সোহাগী হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি
দুই মাস পেরিয়ে গেলেও মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের সোহাগী আক্তার (৫) হত্যার আসামিরা গ্রেপ্তার হয়নি। সোহাগীর মা পাখি বেগম অভিযোগ করেন, আটজনের মধ্যে পাঁচ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। কাঁদতে কাঁদতে পাখি বেগম বলেন, ‘আমি আমার সোহাগী হত্যার বিচার চাই। অন্যায় করলে আমি করেছি, আমাকে শাস্তি দিক। কিন্তু আমার অবুঝ শিশু ওদের কী ক্ষতি করেছিল?’ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শতখালি গ্রামের ইন্দ্রাপাড়ার দিনমজুর মো. মশিয়ার রহমানের মেয়ে সোহাগী আক্তার গত ২৬ জুলাই সন্ধ্যায় প্রতিবেশী কাওছার সর্দারের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। অনেকক্ষণ পরও সোহাগী বাড়ি ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গভীর রাতে প্রতিবেশীরা সোহাগীর মৃতদেহ বাড়ি পৌঁছে দেন এবং তাঁরা জানান, সে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরদিন সকালে সোহাগীর মা পাখি বেগমের আপত্তি সত্ত্বেও স্থানীয় শতখালী ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের হস্তক্ষেপে ময়নাতদন্ত ছাড়াই তাকে তড়িঘড়ি দাফন করা হয়। ওই দিন বিকেলে পাখি বেগম শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন, কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওই অভিযোগের ভিত্তিতে গত ৩১ জুলাই সহকারী পুলিশ সুপার (সার্কেল) শিল্পী মিত্র, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন, ওসি মো. মনিরুল ইসলামসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে সোহাগীর মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর পাখি বেগম গত ৫ আগস্ট আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। আসামিরা হলেন প্রতিবেশী কাওছার সর্দার (৪৫), রমজান সর্দার (৩৮), আলতাফ সর্দার (৩৫), জালাল সর্দার (৩২), আতিয়ার রহমান (২৫), টুটুল মণ্ডল (২১) এবং ইউপি চেয়ারম্যান আবুল হোসেন (৫০) ও ইউপির সাবেক সদস্য হাবিবুর রহমান (৫৫)। এর মধ্যে আলতাফ সর্দার, জালাল সর্দার ও টুটুল মণ্ডলকে গ্রেপ্তার করা হলে অন্যরা পলাতক। পাখি বেগম জানান, প্রতিবেশী কাওছার সর্দার ও তাঁর ভাই-ভাতিজারা দীর্ঘদিন ধরে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চান। দুই পরিবারে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে। তারাই সোহাগীকে গলা টিপে হত্যা করেছে। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বাচ্চাটি পানিতে পড়ে মারা যাওয়ার কথা শুনে আমি সরল বিশ্বাসে দাফনের অনুমতি দিয়েছিলাম। আমি কোনোভাবেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। একটি মহলের প্ররোচনায় আমাকে ওই মামলার আসামি করা হয়েছে।শালিখা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মামলার আসামি হলেও পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার নাও করতে পারে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক।