বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ-কে তালুকদার বলেছেন, দেশের পুষ্টি পরিস্থিতি নাজুক। দেশের ৩৬ শতাংশ শিশু খর্বকায়, ৩৩ শতাংশ শিশু কৃশকায় এবং ১৪ শতাংশ শিশুর ওজন কম। পুষ্টি পরিস্থিতির উন্নতির লক্ষ্যে বঙ্গবন্ধু যে জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছিলেন তা বহু বছর ধরে নিষ্ক্রিয়।
গতকাল বৃহস্পতিবার শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে আয়োজিত এ আলোচনা সভায় অধ্যাপক তালুকদার আরও বলেন, বঙ্গবন্ধু পুষ্টির উন্নতিতে দুটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। প্রথমত সংবিধানে পুষ্টির বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। দ্বিতীয়ত, জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছিলেন। তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিলে প্রায় ৬০ পৃষ্ঠার একটি নীতি ও পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা ধরে অগ্রসর হলে অপুষ্টি অনেকাংশে দূর করা সম্ভব হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খুব শিগগিরই জাতীয় পুষ্টি পরিষদকে সক্রিয় করা হবে। মায়ের দুধ খাওয়ানোর হার কমে যাওয়া দুঃখজনক। তিনি বলেন, ‘ফাস্ট ফুডে অভ্যস্ত করে আমরা শিশুদের বিষ পান করাচ্ছি, ভুল শেখাচ্ছি।’ স্বাস্থ্যমন্ত্রী সবাইকে দেশি শাকসবজি ও ফল খাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক প্রমুখ বক্তব্য দেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি বিভিন্ন হাসপাতালে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।