শিশু হত্যা, নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
সিলেটে পিটিয়ে শিশু হত্যা ও বরিশালে শিশুসদনে দুই শিশুকে নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। এতে সিলেটে শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা এবং বরিশালসহ সারা দেশে শিশু নির্যাতন বন্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন।
শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলার সভাপতি জীবন কৃষ্ণ দের সভাপতিত্বে কর্মসূচিতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর কোহিনূর বেগম, মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠক রণজিৎ দত্ত, শিশু অধিকার নিয়ে কাজ করার প্রতিষ্ঠান স্কোপের নির্বাহী প্রধান কাজী এনায়েত হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সমন্বয়ক লিংকন বায়েন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেটে চুরির অপবাদ দিয়ে শিশু সামিউলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এ ছাড়া বরিশালে শিশুসদনে দুই শিশুকে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদেরও বিচার করতে হবে। অবিলম্বে শিশুসদনের শিশুদের নিরাপত্তা ও শিশুর মানবিক বিকাশে সুষ্ঠু পরিবেশ গড়ে দেওয়ারও দাবি জানানো হয়।
এদিকে একই সময় নগরের জীবনানন্দ দাশ সড়কের বাংলাদেশ ব্যাংক মোড়ে ‘শিশু নির্যাতন রুখে দাঁড়াও’ শিরোনাম লেখা ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, শিশু-কিশোর মেলা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সভাপতি মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মিন্টু বসু, কবি অপূর্ব গৌতম, মানবাধিকারকর্মী ও নারী নেত্রী রহিমা সুলতানা কাজল, নিগার সুলতানা, শিশু-কিশোর মেলার জেলা সংগঠক ফাবিহা আলম, বাসদ সংগঠক জোহরা রেখা, ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ প্রতিনিধি নীলাঞ্জনা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এইচ এম ইমন প্রমুখ।