শিশু হত্যা বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু হত্যা
শিশু হত্যা

অপহরণের পর শিশুহত্যা বেড়েছে। এরপরই আছে ধর্ষণের পর শিশু হত্যা। পারিবারিক অস্থিরতা, মা-বাবার দাম্পত্য কলহসহ বিভিন্ন কারণে তাদের হাতে সন্তান হত্যার অভিযোগও কম নয়।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ২০১৪ ও ২০১৫ সাল এবং এ বছরের মার্চ পর্যন্ত শিশু হত্যার তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গছে।
২৬৭টি বেসরকারি সংগঠনের জোট বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ১০টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তথ্য সংরক্ষণ করে। ফোরাম বলছে, পত্রিকায় প্রকাশিত খবরের এক-তৃতীয়াংশের বেলায় শিশু হত্যার কারণ উল্লেখ থাকে না। এর ফলে শিশু হত্যার কারণগুলোও জানা যায় না।
ফোরামের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে মোট ৭৫টি শিশু বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে। এর মধ্যে অপহরণের পর হত্যা করা হয় নয়জনকে। মা-বাবার হাতে ১৬টি শিশু খুনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর হত্যা করা হয় তিনজনকে।
অবশ্য পত্রিকা ও নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ১৫২ শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধু পারিবারিক নির্যাতনে ৩৫টি এবং অপহরণের পর ১৩টি শিশুকে হত্যা করা হয়। ধর্ষণের পর হত্যা করা হয় পাঁচজনকে। ২৬টি শিশুর মৃত্যু হয়েছে শারীরিক নির্যাতনের পর।

>গত ৩ বছরে হত্যা ৮৭৬, গত ৩ মাসে হত্যা ৭৫, অপহরণের পর শিশু উদ্ধারের সংখ্যা কিছুটা বেড়েছে

মা-বাবার হাতে সন্তান খুন হওয়ার ঘটনার পেছনে পারিবারিক অস্থিরতা, দাম্পত্য জীবনে অসহনীয় পরিবেশ ও বিষণ্নতার মতো কারণগুলো থাকতে পারে বলে মনে করেন মনোরোগ চিকিৎসক তাজুল ইসলাম। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের এই অধ্যাপক প্রথম আলোকে বলেন, সামাজিক অস্থিরতা শিশু হত্যার বড় কারণ। এমন সমস্যাকে পারিবারিক ও সামাজিকভাবে মোকাবিলার পাশাপাশি মা-বাবার মানসিক চিকিৎসারও প্রয়োজন রয়েছে।
শিশু অধিকার ফোরাম বলছে, ২০১৪ সালে মোট ৩৬৬টি শিশুকে হত্যা করা হয়। এর মধ্যে অপহরণের পর মুক্তিপণের দাবিতে ৫২টি শিশুকে (২০ শতাংশ) এবং ধর্ষণের পর ২১টি শিশুকে (৮ শতাংশ) হত্যা করা হয়।
গত বছর হত্যা করা হয় ২৯২টি শিশুকে। এর মধ্যে ৬২টি শিশুর লাশ (২৩ শতাংশ) পাওয়া যায় নিখোঁজের পর। ৪০টি শিশুকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা করা হয়। মা-বাবার বিরুদ্ধে ৪০টি শিশু খুনের অভিযোগ রয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয় ৩০টি শিশুকে।
শিশু হত্যার ঘটনা বাড়লেও কতটা বিচার হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ সহিদ মাহমুদ। তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক চাপে সিলেটের রাজন ও খুলনার রাকিব হত্যার দ্রুত বিচার হয়েছে। তবে দেশে এত এত শিশু হত্যার ঘটনা ঘটছে, তার কয়টার মামলা হচ্ছে? মামলা হলেও কয়টার বিচার হচ্ছে?
আসকের দেওয়া তথ্য বলছে, এ বছর প্রথম তিন মাসে ১৫২টি শিশু হত্যার ঘটনায় মামলা হয়েছে ৭০টি।
কিছুটা স্বস্তি: অবশ্য অপহরণের পর শিশু উদ্ধারের সংখ্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাসহ বিভিন্ন কারণে কিছুটা বেড়েছে, যা স্বস্তিদায়ক। আর তা না হলে শিশু হত্যার সংখ্যা আরও বাড়ত বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে অপহরণের পর ৪৮ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত বছর অপহরণ করা হয় ২৪৩ জনকে। তাদের মধ্যে উদ্ধার করা হয় ১৬৭ জনকে। আর ২০১৪ সালে অপহরণের শিকার ২০৯ জনের মধ্যে ৯২ জনকে উদ্ধার করা হয়।
শিশু হত্যায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তাঁর মতে, শিশু হত্যার খবর ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচার হয়। কিন্তু মামলার রায় হলে সেগুলো আর ততটা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে না। গণমাধ্যমে এই খবরগুলোও সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করলে অপরাধীরা চাপের মধ্যে থাকবে।