শিশু হত্যাকারীদের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী মায়া আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় গতকাল বুধবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে নিহত মায়ার স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা অংশ নেন।
মায়া গাজীপুর সিটি করপোরেশনের দাখিনখান এলাকার কামাল হোসেনের মেয়ে। সে হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত রোববার রাতে ধর্ষণের পর তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্র জানায়, মায়া আক্তারকে ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা গতকাল বেলা তিনটার দিকে হায়দরাবাদ এলাকায় স্কুলের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে সমাবেশ হয়। সেখানে বক্তারা মায়া হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের জামিন না দিয়ে ফাঁসির দাবি করেন।
থানা-পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, পারিবারিক বিরোধের জের ধরে মায়াকে তার চাচাতো ভাই রহমত উল্লাহ ওরফে মনা মিয়া (১৮) ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় মায়ার বাবা গত সোমবার জয়দেবপুর থানায় মামলা করেন। এতে রহমত উল্লাহ (১৮), তাঁর মা ও বোনকে আসামি করা হয়। পুলিশ ওই রাতেই রহমতের মা ও বোনকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার রহমতকেও গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলেই তিনি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইলিয়াস রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মায়াকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।