বিচারহীনতার কারণেই দেশে অপরাধ ও শিশু হত্যার প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেছেন, এই অবস্থায় দেশ চলতে পারে না। এ অবস্থায় দেশের মানুষ দুই দলের (আওয়ামী লীগ ও বিএনপি) হাত থেকে মুক্তি চায়।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর কার্যালয়ে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, এর কোনো সঠিক বিচার নেই। একের পর এক বীভৎস কায়দায় হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এর জন্য প্রথমে দায়ী বিচারহীনতা।
জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, মো. নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।