শিশু হত্যার দায় আদালতে স্বীকার করলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার মনতৈল গ্রামের এক গৃহবধূ তাঁর ছয় বছর বয়সী মেয়েকে বিষপান করিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। সম্প্রতি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৫ নম্বর আমলি আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ওই গৃহবধূর নাম পারভিন বেগম (২৫)। তাঁর নিহত মেয়ের নাম সাদিয়া বেগম। সে ব্লু-বার্ড কিন্ডারগার্টেন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ত। ওই ঘটনায় পারভিনকে আসামি করে তাঁর স্বামী জাকির হোসেন জুড়ী থানায় হত্যা মামলা করেন।
জবানবন্দির বরাত দিয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা ও জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী খান গতকাল বৃহস্পতিবার বলেন, পারভিনের স্বামী কাতারে থাকতেন। স্বামীর অনুপস্থিতিতে সংসারে বিভিন্ন কারণে শাশুড়ি ও জায়ের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। এর জের ধরে আত্মহননের উদ্দেশে গত ৩ মার্চ তিনি বিষপান করেন। এ সময় সাদিয়াকেও বিষপান করান। দুজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরদিন সাদিয়া মারা যায়। ওই দিনই স্বামী জাকির মামলা করেন। চিকিৎসার পর পারভিন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এসআই ইব্রাহীম আলী খান আরও বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে পারভিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত ১২ এপ্রিল এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি গ্রহণের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়। পুলিশ সদর দপ্তরের পর্যবেক্ষণ সেলে আগামী সোমবার মামলাটির পর্যালোচনা হবে। মামলাটির আরও তদন্ত হচ্ছে। অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও আসামি করা হবে।