শিশু হত্যার দায় স্বীকার করে মায়ের জবানবন্দি
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ১০ মাস বয়সী শিশু রাইসা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় মা ইয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির বাবা আবুল খায়ের দাবি করেছেন, তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার মেয়েকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে বাড়ির পাশের পুকুরে লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় রোববার রাতে তিনি ইয়াসমিন আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব সরকার বলেন, শিশুটির মৃত্যু নিয়ে মা ইয়াসমিন আক্তারের কথাবার্তা ও আচরণে সন্দেহ তৈরি হয়। এ কারণে রোববার দুপুরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে শিশুটির বাবা মামলা করেন। পরে ইয়াসমিন আক্তারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া প্রথম আলোকে বলেন, ইয়াসমিন আক্তার মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।