শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
শিশু হত্যার দায়ে নাটোরে সমশের আলী (৩৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম গতকাল বুধবার এই রায় দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগাড়ি গ্রামের সুজন (১১) নামের এক শিশু নিখোঁজ হয়। পরদিন গ্রামের একটি গমখেত থেকে ওই শিশুর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। পরে সুজনের বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় গ্রামের সমশের আলী ও নয়ন বাদ্যকরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে অতিরিক্ত দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ হয়। একটি ভিসিডি সেট আত্মসাৎ করতে সমশের শিশুটিকে হত্যা করেন। অভিযোগ স্বীকার করে তিনি বিচারকের কাছে জবানবন্দি দেন।অভিযোগ প্রমাণিত হওয়ায় সমশেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আর নয়নকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।