শিশু হত্যার দায়ে চাচিসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বাক্প্রতিবন্দী শিশু মনির (১৩) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম ম আবু সাঈদ গত মঙ্গলবার বিকেলে এ রায় দেন।মামলায় সাজা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন: নিহত মনিরের আপন চাচি সহিদা বেগম (৪৫), আবদুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৩৬) ও গোলাপ মিয়া (৩৭)। এঁদের মধ্যে সহিদা বেগম পলাতক। বাকি তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের রঙ্গরকোনা গ্রামের আবদুস সালামের বাক্প্রতিবন্ধী ছেলে মনিরকে ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর রাতে ভাড়াটে খুনি দিয়ে শ্বাসরোধে হত্যা করান চাচি সহিদা বেগম। মনিরের লাশ বাড়ির কাছের একটি জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় মনিরের বড় ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ আবদুর রহমান ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করলে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত সাক্ষ্য ও জেরা শেষে গতকাল আসামিদের ওই দণ্ড দেন।