শিশু হত্যার দায়ে তরুণের মৃত্যুদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফয়সাল মাহামুদ (৮) নামের এক শিশুকে হত্যার দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আজ সোমবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া আসামির নাম মো. ইদ্রিস জমাদ্দার (২৩)। তিনি উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের বাসিন্দা।
হত্যার শিকার ফয়সাল মাহামুদের বাড়িও ঘোষের টিকিকাটা গ্রামে। সে ওই গ্রামের কাতারপ্রবাসী বাদল জমাদ্দারের ছেলে। ফয়সাল স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, মামলার এজাহারে ইদ্রিস জমাদ্দার সন্দেহভাজন আসামি ছিলেন। পরে অভিযোগপত্রে তাঁকে আসামি করা হয়। ইদ্রিস ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ ডিসেম্বর সকালে ফয়সাল মাহামুদ বিদ্যালয়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। ফয়সালের সঙ্গীদের থেকে তার মা–বাবা জানতে পারেন, স্কুলে থেকে ফেরার পথে একটি মসজিদের সামনে খেলছিল ফয়সাল ও বেশ কয়েকটি শিশু। এ সময় ইদ্রিস সেখান থেকে ফয়সালকে ডেকে নিয়ে যান। তবে ফয়সাল কোথায় জানতে চাইলে সে সময় ইদ্রিস এলোমেলো কথা বলেন। ফয়সালকে না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর এক সপ্তাহ পরে স্থানীয় একটি বাগান থেকে ফয়সালের পচাগলা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইদ্রিসকে সন্দেহভাজন আসামি করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফয়সালের মা থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। ২০১৬ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত শেষে ইদ্রিসকে আসামি করে আদালতে অভিযোগপত্র জামা দেয় সিআইডি।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।