শিশু হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. ফারুক (১২) নামে চা- দোকানের এক শিশুশ্রমিককে হত্যা ও লাশ গুমের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জের দক্ষিণ গাংচিলের মো. আব্বাছ উদ্দিন ও বেলাল উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ১৪ মার্চ দিবাগত রাতে একই এলাকার আব্বাস উদ্দিন ও বেলাল উদ্দিন স্থানীয় চা-দোকানের শিশুশ্রমিক মো. ফারুককে জোরপূর্বক গাঁজা সেবন করান। মাত্রাতিরিক্ত গাঁজা সেবন করানোর কারণে ফারুক জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আসামিরা ফারুকে তাঁদের ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে গায়ের গেঞ্জি দিয়ে মুখ বেঁধে হত্যা করে লাশটি স্থানীয় আবাসন প্রকল্পের ৫ নম্বর ঘরের পেছনে গণশৌচাগারের ভেতরে ফেলে রাখেন। ঘটনার চার দিন পর দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন লাশের সন্ধান পান।
এ ঘটনায় ফারুকের বাবা সিরাজ উদ্দিন আব্বাছ উদ্দিন ও বেলাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি ও স্বাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল এই রায় দেন।