শিশু হত্যার দায়ে বাবা ও চাচার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে মেয়েশিশু আছিয়া খাতুনকে (৮) হত্যার দায়ে তার বাবা ও চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


আজ রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুস সালেহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত শিশু আছিয়ার বাবা সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আবুল হোসেন (৫০) ও চাচা খলিলুর রহমান (৫৮)।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, আলোকদিয়া গ্রামের আবুল হোসেনের সঙ্গে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় ভাই খলিলুর রহমানকে সঙ্গে নিয়ে নিজের মেয়েশিশু আছিয়াকে শ্বাস রোধ করে হত্যা করেন বাবা আবুল হোসেন। হত্যার পর ওই দিন রাতে আছিয়ার লাশ জয়নাল আবেদীনের জমিতে ফেলে আসেন তাঁরা।

ঘটনার পর নিহত আছিয়ার মা মোমেনা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ জয়নাল আবেদীনসহ সাতজনকে আসামি করে ২০০৯ সালে ৪ ডিসেম্বর সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের জন্য মামলাটি পুলিশের তদন্ত বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক পর্যায়ে তদন্তের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম উদঘাটন করেন, আছিয়াকে তার বাবা ও চাচাই হত্যা করেছেন। ওই দুজন নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাকিবুল বাদী হয়ে আছিয়ার বাবা আবুল হোসেন ও চাচা খলিলুর রহমানকে আসামি করে একই আদালতে মামলা দায়ের করেন।

পরে ডিবি পুলিশের এসআই আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম তদন্ত শেষে নিহত শিশুর পিতা আবুল হোসেন ও চাচা খলিলুর রহমানকে আসামি করে ২০১০ সালের ১২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।