শিশু হত্যার দায়ে বাবা ও চাচার যাবজ্জীবন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মেয়ে আছিয়া খাতুনকে (৮) হত্যার দায়ে বাবা ও চাচার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পাশাপাশি তাঁদেরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুস সালেহ গতকাল রোববার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিশুটির বাবা ও উপজেলার সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আবুল হোসেন (৫০) ও চাচা খলিলুর রহমান (৫৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোকদিয়া গ্রামের আবুল হোসেনের সঙ্গে জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে জয়নাল আবেদীনের বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে আবুল হোসেন ভাই খলিলুরকে সঙ্গে নিয়ে ২০০৯ সালের ১১ নভেম্বর রাতে তাঁর মেয়ে আছিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁরা প্রতিপক্ষ জয়নাল আবেদীনের জমিতে লাশ ফেলে রাখেন। এ ঘটনায় আছিয়ার মা মোমেনা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ জয়নাল আবেদীনসহ সাতজনকে আসামি করে ৪ ডিসেম্বর সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশ তদন্তে নেমে আবুল হোসেন ও খলিলুরকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসে। পরে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন। একই আদালতে হত্যা মামলা করেন।