শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুরে সাড়ে তিন বছর বয়সের শিশুকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম ফারুক মোল্লা (৩১)। তিনি রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লার ছেলে। তবে বর্তমানে তিনি পলাতক।
আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরের মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজুর বাড়িতে প্রথমে ভাড়া থাকতেন ফারুক মোল্লা। কোনো কারণে বাড়ির মালিক শাহজাহান ফারুককে বাড়ি থেকে বের করে দেন। একপর্যায়ে ফারুক ওই এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন। কিন্তু আগের ক্ষোভ থেকে ফারুক ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে তাঁর মেয়ে সাড়ে তিন বছরের সাদিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে সাদিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় সাদিয়ার মা দুলালি বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।