শিশু হত্যার দায়ে সৎবাবার যাবজ্জীবন
চট্টগ্রামে আড়াই বছরের একটি শিশুকে হত্যার দায়ে নুর আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কক্সবাজারের চকরিয়ার মগনামা এলাকায় নুর বেগমের সঙ্গে ছিদ্দিক আহমেদের বিয়ে হয়। একপর্যায়ে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে নুর বেগম নুর আলমকে বিয়ে করেন। বিয়ের পর নুর বেগম তাঁর প্রথম স্বামীর ঘরে জন্ম নেওয়া শিশু মোমেন উদ্দিনকে দ্বিতীয় স্বামীর ঘরে নিয়ে আসেন। ১৯৯২ সালের ১৯ মার্চ নুর আলম আড়াই বছরের শিশু মোমেনকে নগরের বন্দর থানার লালদিয়ার চর এলাকায় নিয়ে যান। সেখানে শিশুটিকে বস্তাবন্দী করে পুকুরের পানিতে ডুবিয়ে মারা হয়। এক দিন পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা ছিদ্দিক আহমেদ বন্দর থানায় মামলা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত শেষে ১৯৯৩ সালের ১ জানুয়ারি পুলিশ নুর আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল রায় দেন। আসামি নুর আলম জামিনে গিয়ে পালিয়ে গেছেন।