শিশু হত্যার প্রতিটি ঘটনা হৃদয়বিদারক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । ফাইল ছবি

দেশে শিশু হত্যার বিচার শেষ করতে দোষীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, গত কিছুদিনে বেশ কয়েকটি শিশু হত্যার ঘটনা ঘটেছে; প্রতিটিই হৃদয়বিদারক, পৈশাচিক। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, প্রত্যেকটি শিশু হত্যায় যারা জড়িত তাদের আমরা চিহ্নিত করে আটক করছি। একের পর এক মামলার অভিযোগপত্র দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজন হত্যার বিচারও হয়েছে। আমরা দ্রুত কাজ করে বিচারগুলো দৃশ্যমান করার চেষ্টা করছি।
রামপুরায় ভাই-বোন হত্যার তদন্ত নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দুই শিশু হত্যা কেন হয়েছে, তা তদন্ত হচ্ছে। তদন্তের আগে কিছু বলতে পারছি না। তবে আমরা সন্দেহ করছি অনেক কিছু। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে, হত্যাকারীরা সেই শিশুর কাছের আপনজন। অনেক বাবা-মাও শিশু হত্যার সঙ্গে কোনো কোনো জায়গায় জড়িত, পাড়া প্রতিবেশী জড়িত, এখানে সম্পত্তির লোভ থাকে। নানা ধরনের ফায়দা হাসিলের জন্য এই শিশু হত্যা করা হচ্ছে। এ জন্য শিশুহত্যা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এটিএম কার্ড জালিয়াতির পর এ দেশে বিদেশিদের নাগরিকদের ওপর মনিটরিং আরও বাড়ানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।