শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে তিন দেশের শিশু-কিশোরেরা বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় খেলাঘরের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে রাজকাছারি মাঠে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ, ভারত ও নেপালের অন্তত পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
বিক্ষোভ শেষে রাজকাছারি মাঠে সংগঠনটির ভৈরব শাখার সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার।
সারা দেশে আশঙ্কাজনক হারে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে পান্না কায়সার বলেন, দেশে গত ১২ মাসে ৩৮০ জন শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গড়ে প্রতিদিন একজনের বেশি শিশু খুন হচ্ছে। গণমাধ্যমের কল্যাণে রাজন ও রাকিব হত্যার ঘটনা সারা দেশের মানুষ জানতে পারলেও অনেক ঘটনা আড়ালে থেকে যায়। স্বস্তির খবর হলো, গণমাধ্যমের কারণে রাজন-রাকিব হত্যার বিচার দ্রুত হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালে অন্যান্য শিশুহত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি।