শিশু হত্যায় বাবা ও সৎমায়ের মৃত্যুদণ্ডাদেশ
নাটোরে এক শিশুকে হত্যার দায়ে তার বাবা ও সৎমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইমদাদুল হক (৩৭) ও তাঁর দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগম (২৪)।
রায় ঘোষণার সময় ইমদাদুল আদালতে হাজির ছিলেন। তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি নাহিদা পলাতক রয়েছেন।
আদালত ও পুলিশ সূত্র জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২০১৫ সালের ২৭ আগস্ট শিশু ইয়াছিন আরাফাত ওরফে ইমন হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের মা কুলসুমা বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ইমদাদুল হক ও ইমদাদুলের দ্বিতীয় স্ত্রী নাহিদাকে আসামি করা হয়।
বড়াইগ্রাম থানার পুলিশ তদন্ত শেষে গত বছরের ১২ ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় দেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী কুলসুমা বেগম। পলাতক নাহিদাকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।
নাটোরের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আসামি নাহিদা আদালতে হাজির ছিলেন। রায়ের আগে সম্প্রতি পালিয়েছেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।