শিশু হত্যায় মসজিদের ইমামের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে শিশু ফয়সাল হত্যা মামলায় মসজিদের ইমাম নিজামুল হক জানু মুন্সিকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলাম এই রায় দেন।
দণ্ড পাওয়া নিজামুল হকের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বখাইনচর গ্রামে। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার গণেশ সরকারের ডাঙ্গি গ্রামে একটি মসজিদের ইমাম ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১১ জুন সদরপুর উপজেলার পশ্চিম আমিরাবাদ গ্রামের নূরুল আমিনের ছেলে মো. আমির ফয়সাল রিজভী ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। ১৫ জুন বিকেলে ফয়সাল পার্শ্ববর্তী গণেশ সরকারের ডাঙ্গি গ্রামের ইউনুস মোল্লার পারিবারিক মসজিদের ইমাম নিজামুল হক জানু মুন্সির কাছে পড়তে যায়। পরে সে নিখোঁজ হয়। পরদিন সন্ধ্যায় ঢেউখালির রফিক খালাসির চরে ফয়সালের লাশ উদ্ধার করে পুলিশ।