শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন, মায়ের 'বন্ধু'র মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর আগে নরসিংদীতে শিশু শিহাবুর রহমান (পায়েল) হত্যা মামলায় তার মা আফরোজা সুলতানার যাবজ্জীবন এবং মায়ের ‘বন্ধু’ গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী।

রায়ের পর আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে শিহাবুর রহমানকে হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ২০০৯ সালে ওই মামলার রায়ে বিচারিক আদালত শিহাবুরের মা আফরোজা সুলতানাকে যাবজ্জীবন কারাদণ্ড, মায়ের ‘বন্ধু’ আবদুস সালামকে মৃত্যুদণ্ডাদেশ ও আবদুস সালামের বন্ধু হারুন-অর রশীদ গাজীকে খালাস দেন। হাইকোর্ট বিচারিক আদালতের ওই রায় বহাল রেখেছেন। সাজা পাওয়া আসামিরা বর্তমানে কারাগারে আছেন।